আন্তর্জাতিক ডেস্ক :
পেট্রলের মূল্য ৫০ শতাংশ বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভরত ইরানি নাগরিকদের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সরকারবিরোধী বিক্ষোভের প্রতি প্রকাশ্য সমর্থন ঘোষণা করেন।
ইরানি জনগণের উদ্দেশে ফার্সি ভাষায় দেয়া এক টুইটে মাইক পম্পেও বলেন, ৪০ বছরের অত্যাচারের পরেও ইরানি জনগণ তাদের সরকারের আপত্তি সম্পর্কে চুপ করে থাকতে পারে না। আমরাও চুপ থাকব না। ইরানের জনগণের জন্য আমার একটি বার্তা রয়েছে, যুক্তরাষ্ট্র আপনাদের কথা শুনে। যুক্তরাষ্ট্র আপনাদের সমর্থন করে। মার্কিন সরকার আপনাদের সঙ্গে রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ইরান সরকার পেট্রলের মূল্য ৫০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শুক্রবার বিক্ষোভকারীরা জালানি মজুদ থাকা একটি গুদামে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন মারা যান।
