জার্মানিতে ইমামদের প্রশিক্ষণ দিতে পাইলট প্রকল্প শুরু

জার্মানিতে ইমামদের প্রশিক্ষণ দিতে পাইলট প্রকল্প শুরু

আন্তর্জাতিক ডেস্ক :

জার্মানিতে নিয়োজিত ইমামদের উপর বিদেশি প্রভাব কমাতে জার্মান সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দেয়ার একটি পাইলট প্রকল্প বৃহস্পতিবার শুরু হয়েছে। এটি সফল হলে পুরো দেশে তা বাস্তবায়ন করা হবে৷ খবর ডয়েচে ভেলে।

খবরে বলা হয়, জার্মানিতে প্রায় ৪৫ লাখ মুসলমানের বাস৷ এর মধ্যে ত্রিশ লাখের বেশি তুর্কি বংশোদ্ভূত মুসলমান৷ ফলে জার্মানির বেশিরভাগ ইমাম এসেছেন তুরস্ক থেকে৷ সে দেশেই তারা প্রশিক্ষণ পেয়েছেন৷ তাদের বেতনও আসে তুরস্ক থেকে৷ এছাড়া ইমামদের ভাষাও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার কারণে সাম্প্রতিক সময়ে জার্মান সরকার জার্মানিতে ইমামদের প্রশিক্ষণের বিষয়টি বিবেচনায় নিয়েছে।

খবরে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় অসনাব্রুক বিশ্ববিদ্যালয়ে একটি সংস্থা গড়ে তোলা হয়েছে, যেখান থেকে ইমামদের প্রশিক্ষণ দেয়া হবে৷ ‘সেন্ট্রাল কাউন্সিল অফ মুসলিমস ইন জার্মানি’ বা জেডএমডি এই সংস্থার সঙ্গে কাজ করবে৷ জেডএমডির চেয়ারম্যান আয়মান মাজায়েক বলছেন, এ ধরনের সংস্থা গড়ে তোলার উদ্যোগটি ভালো৷ তবে কয়েক দশক আগেই সেটা করা উচিত ছিল৷

অসনাব্রুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাউফ সেলান জার্মানিতে ইমামদের প্রশিক্ষণ বিষয়ে একটি ‘রোড ম্যাপ’ তৈরি করেছিলেন৷ পাইলট প্রকল্পটিকে তিনি ‘দরজায় পা রাখার’ সঙ্গে তুলনা করেছেন৷ তবে এই প্রকল্প নিয়ে এখনই ‘উচ্চাশা’ পোষণ করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি৷

আগের সংবাদকক্সবাজারে মাদরাসাছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার
পরবর্তি সংবাদতুরস্ক থেকে নিজ দেশে ফিরেছে ২শ সিরীয় শরণার্থী