আন্তর্জাতিক ডেস্ক :
শিশুদের খেলনা এবং ভিডিও গেমস নয়, বরং শিশুদের বাঁচানোর জন্য ইনকিউবেটর এবং খাদ্য চান বলে জানিয়েছেন ইয়েমেনের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী তাহা আল-মুতাওয়াকেল। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যুদ্ধ কবলিত ইয়েমেনে প্রচণ্ড ক্ষুধার কারণে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। এসব শিশুর বয়স পাঁচ বছরের নিচে। সৌদি আরবের অব্যাহত অবরোধের কারণে ইয়েমেনে নবজাতক শিশুদেরও মৃত্যু ঘটছে।
মুতাওয়াকেল আরও বলেন, আমরা বিশ্ববাসীর কাছে শিশুদের খেলনা এবং ভিডিও গেমস চাই না, আমরা শিশুদের বাঁচানোর জন্য ইনকিউবেটর এবং অন্যান্য সামগ্রী চাই। আমাদের শিশুদের বাঁচার অধিকার দেয়া হোক।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাদের দেশের শিশুদের জন্য মায়াকান্না বন্ধ করুন। ইয়েমেনের এই করুণ পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে তেমন ভালো কিছু করতে দেখি নি। সৌদি আরবের বর্বর আগ্রাসন এবং তাদের বোমার বিস্ফোরণের কারণে ভীত হয়ে প্রতিবছর ৫,০০০ ইয়েমেনি শিশু ট্রমায় আক্রান্ত হচ্ছে।
