জার্মানিতে শিখ-কাশ্মীরিদের ওপর গুপ্তচরবৃত্তির দায়ে কাঠগড়ায় ভারতীয় দম্পতি

জার্মানিতে শিখ-কাশ্মীরিদের ওপর গুপ্তচরবৃত্তির দায়ে কাঠগড়ায় ভারতীয় দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক :

জার্মানিতে কাশ্মীরি ও শিখ সম্প্রদায়ের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ভারতীয় দম্পতিকে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ফ্রাংকফুটের একটি আদালতে তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ডের সাজা হতে পারে। খবর এএফপি।

গত মার্চে ৫০ বছর বয়সী মনমোহন এস. ও তার স্ত্রী ৫১ বছর বয়সী কানওয়াল জিতের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এ দম্পতির বিরুদ্ধে জার্মানির ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।

জার্মানির শিখ সম্প্রদায়, কাশ্মীরি ও তাদের স্বজনদের নিয়ে তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র-এর এক কর্মকর্তাকে দেয়ার কথা স্বীকার করেছেন মনেমোহন এস.।

২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে মাসিক বৈঠকে তার স্ত্রীও যোগ দিয়েছিলেন। বিনিময়ে এই দম্পতিকে ৭২ হাজার ইউরো দেয়া হয়েছে।

উল্লেখ্য, ধর্মীয় অধিকার বিষয়ক গোষ্ঠী আরইএমআইডির দেয়া তথ্যানুসারে, জার্মানিতে শিখদের সংখ্যা দশ থেকে বিশ হাজারের মধ্যে হবে। ব্রিটেন ও ইতালির পরে ইউরোপে এটাই তাদের সর্বোচ্চ সংখ্যা।

আগের সংবাদ২৬ নভেম্বর সর্বদলীয় কনফারেন্সের ডাক দিলেন মাওলানা ফজলুর রহমান
পরবর্তি সংবাদবেনাপোল সীমান্তে শিশুসহ ৩২ অনুপ্রবেশকারী আটক