পাবনায় নকল ঔষধ তৈরির মেশিন জব্দ, আটক ৩

ফাতেহ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় নকল ঔষধ তৈরীর কারখানর সন্ধান পেয়েছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার কাশিনাথপুর গ্রামের বাবু পাড়ায় অভিযান চালিয়ে নকল ঔষুধ তৈরির কারখানা থেকে নকল ঔষুধসহ ৩ জনকে আটক করা হয়। এসময় ঔষধ তৈরির কোটি টাকা দামের মেশিন, মালামাল ও নকল ঔষধ জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলো- কাশিনাথপুর গ্রামের বাবু পাড়ার রফিকুল ইসলামের ছেলে কাশিনাথপুর ইউনিয়নের ছাত্র দলের আহ্বায়ক বদিউর রহমান (৩৫), তার ছোট ভাই জামিল হোসেন (৩০) ও একই গ্রামের শুকুর শেখের ছেলে মিজানুর রহমান (৩৮)।

সরেজমিন ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে এএসপি (সার্কেল) মিয়া মোহাম্মদ আশিস বীন হাসান, সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ ও কাশিনাথপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফুলের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে বাবু পাড়ার রফিকুল ইসলামের কারখানায় অভিযান চালানো হয়।

এসময় পুলিশ ঘটনা স্থলে আসামীদের এসিআই কোম্পানীর এন্টিবায়োটিক, ঔষধ মেশিনে তৈরিরত অবস্থায় আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী শুকুর শেখের বাড়ি থেকে ঔষুধ তৈরির কোটি টাকা দামের মেশিন, নকল ক্যপসুল, যৌন উত্তেজনাদায়ক সুপার নাইট, নাইটগার্ড ইনজয়, ঔষধ তৈরির নকল কাচাঁমাল, বিভিন্ন ধরণের যৌন উত্তেজনার ঔষধের মোড়ক উদ্ধার করে।

আটককৃত বদিউর রহমান জানান, ঢাকার পুরানো পল্টনের আজাদ সেন্টারে আমাদের মালিক থাকেন। তার নাম শাহেদ মির্জা। তিনি আমাদের কাছে কাঁচামাল সবরাহ করে থাকেন। ঔষধ তৈরির মেশিন তিনি দিয়েছেন। আমরা ঔষধ তৈরি করে শাহেদ মির্জার নিকট ঢাকায় পাঠিয়ে থাকি। তিনি ঢাকা থেকে সারা দেশে এ ঔষধ সরবরাহ করে থাকেন। আমরা সবাই ময়মনসিংহ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছি।

সাঁথিয়ার থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, আসামীদের একটি সঙ্গবদ্ধ দল রয়েছে তারা সু -কৌশলে নকল ঔষধের নকল কাঁচামালসহ বাজারে ঔষধ সরবরাহ করে থাকে। তিনি আরও বলেন, এরা ঔষধের আড়ালে ইয়াবার ব্যবসা করে। আসামীরা ইয়াবা তৈরিসহ বিভিন্ন অপরাধের সাথে ছড়িত। বদিউরের বিরুদ্ধে ময়মনসিংহে মাদকের মামলা রয়েছে বলেও জানান তিনি।

আগের সংবাদসৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত
পরবর্তি সংবাদআবারও কোটা সংস্কার আন্দোলনকারীকে ছাত্রলীগের মারধর