মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান না দিতে মুক্তিযোদ্ধা কমান্ডারের আবেদন

মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান না দিতে মুক্তিযোদ্ধা কমান্ডারের আবেদন

ফাতেহ ডেস্ক :

ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবমূল্যায়িত হচ্ছেন উল্লেখ করে মৃত্যুর পর যাতে তাঁকে রাষ্ট্রীয় সম্মান না দেওয়া হয়, এ মর্মে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন আবুল খায়ের ভুঁইয়া নামে এক মুক্তিযোদ্ধা।

জানা যায়, মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়া জেলার দেবীগঞ্জ উপজেলাধীন মুন্সিপাড়া এলাকার মৃত সালামতুল্লাহর ছেলে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ৬ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার ছিলেন এই মুক্তিযোদ্ধা।

তিনি আবেদন পত্রে লিখেছেন, জেলার দেবীগঞ্জ উপজেলায় বর্তমান ১৬৪ জন মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। এদের মধ্যে ৪৩ জনই ভুয়া মর্মে ২০১২ সাল থেকে এই পর্যন্ত প্রধানমন্ত্রী, দুদক চেয়ারম্যান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রায় ৮ থেকে ১০টি আবেদন করেন এই মুক্তিযোদ্ধা। কিন্তু কোনো প্রতিকার না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়া সাংবাদিকদের জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা আজ জিম্মি। মৃত্যুর পর তারা রাষ্ট্রীয় সম্মান পাবে এটা মেনে নেয়ার মতো না।

এ দিকে গত কয়েকদিন পূর্বে জেলার আটোয়ারী উপজেলার আরেক মুক্তিযোদ্ধা মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান গ্রহণে অস্বীকৃতি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়া মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান চান না মর্মে একটি আবেদন পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হবে।

আগের সংবাদবিএসএফের তাড়া খেয়ে স্ত্রী ভারতে, কোলের শিশু নিয়ে স্বামী আটক বিজিবির হাতে
পরবর্তি সংবাদআবারও ২৫০ টাকা পেঁয়াজের কেজি