জিবুতিতে উদ্বোধন হতে যাচ্ছে দেশটির সবচেয়ে বড় মসজিদ ‘দ্বিতীয় আব্দুল হামিদ’

জিবুতিতে উদ্বোধন হতে যাচ্ছে দেশটির সবচেয়ে বড় মসজিদ ‘দ্বিতীয় আব্দুল হামিদ’

আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ জিবুতির রাজধানীতে দেশটির সর্ববৃহৎ মসজিদ ‘দ্বিতীয় আব্দুল হামিদ’ মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে। তুরস্কের ধর্মীয় বিষয়াদি সংস্থার পক্ষ থেকে মসজিদটি নির্মাণ করা হয়েছে। খুব শীঘ্রই দেশটির রাজধানী জিবুতিতে তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থার প্রধানের পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হবে। খবর ইকনা।

নবনির্মিত এই মসজিদে একসাথে ৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদটি অটোমানের স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। মসজিদটি নাম “দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ”-এর (মৃত: ১৯১৮ সাল) নামে নামকরণ করা হয়েছে। তিনি অটোমানের ৩৪তম রাজা ছিলেন।

মসজিদটির আয়তন ১৩ হাজার বর্গমিটার এবং ৪৬ মিটার উঁচু বিশিষ্ট দুইটি মিনার ও ২৭ মিটার উঁচু বিশিষ্ট একটি গম্বুজ রয়েছে। মসজিদের দেওয়াল অটোমান স্টাইলে ক্যালিগ্রাফি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জিবুতিতে সফর করেন। এরপরই এই মসজিদটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জিবুতি উত্তর-পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটি সামরিক কৌশলগত একটি অবস্থানে বাব এল মান্দেব প্রণালীর তীরে, লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহরের নামও জিবুতি। ছোট্ট এই দেশে ৯ লাখ নাগরিক রয়েছে। এই দেশের ৯৪ শতাংশ জনগণ মুসলমান।

আগের সংবাদবাবরি মসজিদের পাঁচ একর জমিতে ‘রামের নামে’ হাসপাতাল গড়ে তুলব : শিয়া বোর্ড
পরবর্তি সংবাদবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার