
ফাতেহ ডেস্ক: বাংলাদেশ কওমি মাদরাসার সমন্বিত শিক্ষাবোর্ড হাইয়াতুল উলইয়ার চলতি বছরের অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (তাকমিল) এর পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ ৫ জুলাই বৃহস্পতিবার বেলা এগারটায়।
সরকারীভাবে মাস্টার্স সমমান ঘোষণার পর দ্বিতীয়বারের মত দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে এ বোর্ডটির। ফলাফল হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট https://alhaiatululya.com এ পাওয়া যাবে বলে ফাতেহ টুয়েন্টিফোরকে জানিয়েছেন হাইয়াতুল উলইয়ার দপ্তর সম্পাদক মাওলানা অছিউর রহমান ।
তাছাড়া মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ৯৯৩৩ নম্বরে।
তিনি আরো জানান, হাইয়াতুল উলইয়ার এবার পরীক্ষার্থী সংখ্যা ছিল ছাত্র ১৪,৭৪৭; ছাত্রী ৬,০০২; মোট ২০,৭৪৯ জন। সারাদেশে ১৭২টি ছাত্র কেন্দ্রে ও ১৫০টি ছাত্রী কেন্দ্রে এ পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন কর্তপক্ষ।
সর্বমোট মাদরাসা সংখ্যা ১০৩৮টি; পুরুষ মাদরাসা ৫৫৪টি, মহিলা মাদরাসা ৪৮৪টি। দেশের ৬টি কওমী মাদরাসা শিক্ষাবোর্ডর অধিভুক্ত দাওরায়ে হাদিস মাদরাসার ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
৬টি বোর্ড তথা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এবংবেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ সমন্বয়ে গঠিত এ বোর্ড।
