ফাতেহ ডেস্ক :
জুম্ম জাতিগুলোকে চিরতরে নির্মূল করার জন্য সরকার ইসলামীকরণ বাস্তবায়ন করে চলেছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
গতকাল রাজধানীর একটি হোটেলে পার্বত্য চুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সন্তু লারমা বলেন, ‘শাসক দল এবং সরকার ও সরকারের নিয়ন্ত্রণাধীন শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, প্রতিরক্ষা বিভাগের একটা বিশেষ মহল চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে নস্যাৎ করা, জনসংহতি সমিতির নেতৃত্বকে ধ্বংস করা ও চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত সব কার্যক্রম প্রতিরোধের সর্বাত্মক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
পার্বত্য চুক্তির ইতিহাস তুলে ধরে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জনসংহতি সমিতির (জেএসএস) প্রধান বলেন, জুম্ম জনগণ ২২ বছর ধরে চুক্তি বাস্তবায়নের জন্য অপেক্ষা করেছে। তারা সরকার তথা শাসকগোষ্ঠীকে অনেক সময় দিয়েছে। সব ক্ষেত্রে তারা দুর্বলতর ও পশ্চাৎপদ। তাই বলে তারা অবহেলা ও উপেক্ষার পাত্র হতে পারে না। জনসংহতি সমিতির তথা জুম্ম জনগণের পিঠ আজ আগের ন্যায় সম্পূর্ণভাবে দেয়ালে ঠেকে গেছে। তাদের আর পেছনে যাওয়ার কোনো পথ নেই।’
