আন্তর্জাতিক ডেস্ক :
আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ মামলায় ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষে রিভিও আবেদন করবে জমিয়তে উলামায়ে হিন্দ। ৬ ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়। তাই রায়ের বিপক্ষে রিভিউ আবেদন করার জন্য সেই দিনটিকেই বেছে নিয়েছে জমিয়ত।
সংগঠনটির পক্ষে রিভিউ আবেদন করবেন উত্তর প্রদেশের সাধারণ সম্পাদক মাওলানা আশহাদ রাশেদিন। মাওলানা আশহাদ বাবরি মসজিদ মামলার ১০ বাদীর একজন। কয়েক বছর আগে মামলার আরেক বাদী ও উত্তর প্রদেশ জমিয়তের সাধারণ সম্পাদক এসএম সিদ্দিক মারা যাওয়ার পর তার জায়গায় দায়িত্ব নেন মাওলানা আশহাদ।
টাইমস অব ইন্ডিয়াকে মাওলানা আশহাদ বলেন, আমাদের কাগজপত্র গোছানোর কাজ প্রায় চূড়ান্ত। আমাদের আইন কর্মকর্তারা রিভিও আবেদনের খসড়া করছেন। কয়েক দিনের মধ্যেই তা চূড়ান্ত হবে।
সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে তিনি বলেন, রায়ের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ সাংঘর্ষিক। এই বিষয়টিতে দৃষ্টিপাত করতেই আদালতের প্রতি আমাদের আবেদন থাকবে। আদালত বলেছে, মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ তৈরি করা হয়নি এবং ১৯৯২ সালের ৬ ডিসেম্বর মসজিদ ধ্বংসের কাজটিও ছিল বেআইনি। যদিও শেষ পর্যন্ত তারা জমিটি অন্য পক্ষকে দিয়েছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করে ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়, বাবরি মসজিদের জমি হিন্দুদের দিয়ে দেয়া হবে। আর মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের দেয়া হবে বিকল্প পাঁচ একর জমি।
