ফাতেহ ডেস্ক :
বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিতে প্রখ্যাত হাদিস বিশারদ শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-কে ‘জঙ্গিনেতা’ হিসেবে উপস্থাপন করে প্রতিবেদন প্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে ধর্মপ্রাণ সচেতন মহলে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া শহরে সোমবার বাদ আসর মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের কওমি মাদরাসা ছাত্র-জনতা।
মুফতি কেফায়েতুল্লাহর সভাপতিত্বে ও মাওলানা আশরাফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা বোরহান উদ্দিন আল মতিন।
বক্তব্য রাখেন মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা ইউসুফ ভূঁইয়া, মাওলানা কাওসার মোল্লা, মাওলানা মাসউদুর রহমান খান, মাওলানা যুবায়ের সাইফুল্লাহ, মাওলানা ইসহাক আল মামুন, মাওলানা আবুল হাসান, মাওলানা সৈয়দ কাসেম, মাওলানা ইয়াসিন আরাফাত নবীনগরী, মাওলানা আব্দুল্লাহ কাফি, মাওলানা মাহমুদ হাসান প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তাগণ বলেন, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. সারাজীবন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। রাজনৈতিক ও ইসলামী অঙ্গনে শায়খুল হাদীসের অবদান অমর হয়ে আছে। কিন্তু হঠাৎ করেই যমুনা টেলিভিশন শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-কে নিয়ে কেন মিথ্যা সংবাদ পরিবেশন করেছে তা বোধগম্য নয়। এ সংবাদে দেশের লক্ষ লক্ষ আলেম উলামা ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়েছেন।
বক্তাগণ আরো বলেন, যমুনা টেলিভিশন মিথ্যা সংবাদ পরিবেশন করে সম্প্রচার নীতিমালা ভঙ্গ করেছে তাই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় এদেশের আলেম উলামা এর প্রতিবাদে রাজপথে নেমে আসতে বাধ্য হবেন।
মানববন্ধনে বক্তাগণ অবিলম্বে যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় এর জন্য দেশে কোনো প্রকার অঘটন ঘটলে যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকেই এর দায়িত্ব নিতে হবে।
