আন্তর্জাতিক ডেস্ক :
ছেলের জন্মদিনের অনুষ্ঠানে আসা তার সহপাঠিনীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে বিজেপির তফসিলি মোর্চার প্রাক্তন জেলা সভাপতি চিন্ময়ের বিরুদ্ধে। সোমবার রাতে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানা এলাকার এই ঘটনায় অভিযুক্ত চিন্ময় মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আসবাব-ব্যবসায়ী বছর চল্লিশের চিন্ময়ের দোকান লাগোয়া বাড়িতেই সোমবার রাতে ছেলের জন্মদিনের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে চিন্ময়ই ওই নাবালিকাকে গাড়ি নিয়ে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলেন। পথে একটি মাঠে গাড়ি দাঁড় করান চিন্ময়। তারপর গাড়িতেই ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। নাবালিকা বয়স ১১।
এদিকে, রাত সাড়ে ৯টাতেও মেয়ে বাড়ি না-ফেরায় চিন্ময়ের বাড়িতে যান ওই নাবালিকার বাবা। জানতে পারেন, চিন্ময় গাড়ি নিয়ে তার মেয়েকে পৌঁছতে গিয়েছেন। বাড়ি আসার পথে মাঠের ধারে চিন্ময়ের গাড়ি দেখে সন্দেহ হয় ওই নাবালিকার বাবার। তারপর হাতেনাতেই চিন্ময়কে ধরেন বলে দাবি করেন তিনি। ঘটনা জানাজানি হতেই চিন্ময়কে ঘিরে ধরে মারধর করেন স্থানীয়রা। তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।
উল্লেখ্য, বছর দু’য়েক আগে বেআইনি অস্ত্র মজুত রাখার অভিযোগে এক বার গ্রেফতার হয়েছিলেন চিন্ময়। পরে জামিন পান। চিন্ময় গত বছর ঝাড়গ্রাম জেলা পরিষদের বেলপাহাড়ি ব্লকের একটি আসনে বিজেপির প্রার্থীও হয়েছিলেন। তবে হেরে যান। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল। চিন্ময়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার সাঁটানো হয়েছে। তৃণমূলের উদ্যোগে এ দিন ধিক্কার মিছিলও হয়।
