ফাতেহ ডেস্ক :
দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ‘শিক্ষাগ্রহণ করতে গিয়ে যেন পর্দার বিধান লঙ্ঘন করা না হয়। আমাদের দেশের বেশিরভাগ সাধারণ শিক্ষাকেন্দ্রগুলোতে সহশিক্ষা দেয়া হয়। ছেলে-মেয়ে একই সাথে শিক্ষা গ্রহণ করে থাকে। এতে করে পর্দার লঙ্ঘন হয়। আমাদের প্রধানমন্ত্রীও মেয়েদের স্কুলে পড়েছেন।’
গতকাল বুধবার বিকেলে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাড়গাঁও ইসলামিয়া কাওমি মাদরাসার মাহফিলে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘সরকারকে ছাত্র ও ছাত্রীর জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতে হবে। ছাত্রদের জন্য পুরুষ শিক্ষক ও ছাত্রীদের জন্য মহিলা শিক্ষকের ব্যবস্থা করতে হবে। বর্তমান যুব সমাজ মোবাইল আসক্ত হয়ে পড়েছে। তাই যুব সমাজকে সঠিক পথ দেখাতে হবে। আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। এ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে নবী করিম (সা.) এর দেখানো পথ অনুসরণ করতে হবে।’
মাহফিলে আল্লামা শাহ আহমদ শফী আগত মুসল্লিদের তওবা পাঠ করান।
মাহফিলে আরও বক্তব্য রাখেন হেফাজত ইসলামের জেলা আমির শিব্বির আহমেদ, ফেনি মাদরাসার মুহাদ্দিস ফরিদ উদ্দিন মোবারক, মাওলানা শামছুদ্দিন বাড়াইলি।
