রোহিঙ্গা গণহত্যা : আন্তর্জাতিক আদালতে কবে কার শুনানি

রোহিঙ্গা গণহত্যা : আন্তর্জাতিক আদালতে কবে কার শুনানি

আন্তর্জাতিক ডেস্ক :

রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা মামলার শুনানি শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। মিয়ানমারের বিরুদ্ধে এই বিচার শেষ হতে কয়েক বছর লাগবে। তবে রাখাইনে রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা দিতে আগামী কয়েক মাসের মধ্যে মিয়ানমারকে অন্তর্বর্তীকালীন কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিতে পারেন আইসিজে।

কবে কার শুনানি

আইসিজের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসের পিস প্যালেসে অবস্থিত আইসিজেতে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) গাম্বিয়ার বক্তব্যের মধ্য দিয়ে রোহিঙ্গা গণহত্যার মামলার শুনানি শুরু হবে। ১১ ডিসেম্বর বক্তব্য উপস্থাপন করবে মিয়ানমার। এরপর ১২ ডিসেম্বর সকালে গাম্বিয়া পাল্টা যুক্তি দেবে মিয়ানমারের বিপক্ষে। আর দুপুরে মিয়ানমার গাম্বিয়ার জবাব দেবে। আইসিজেতে মিয়ানমারের পক্ষে বক্তব্য দেবেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি।

কী বলছেন বিশ্লেষকগণ

মিয়ানমারের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২০ সালের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠেয় নির্বাচনে নিজের ও দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আন্তর্জাতিক বিচার আদালতে দেশ ও সরকারের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করা ছাড়া সু চির সামনে কোনো পথ নেই। ওই নির্বাচনে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং লায়েংয়ের প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। রাখাইনে রোহিঙ্গা নিধনযজ্ঞ পরিচালিত হয়েছে জেনারেল লায়েংয়ের নির্দেশে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমের শক্তিগুলো তাঁর ওপর ভ্রমণসহ বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে।

কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যকে জানিয়েছে, মিয়ানমার এই নির্দেশনা না মানলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তা বাস্তবায়নের দায়িত্ব নেবে। কারণ, মিয়ানমার ১৯৫৬ সালে জাতিসংঘের গণহত্যা সনদে সই করেছে। এই সনদে স্বাক্ষরকারী কোনো দেশ আইসিজের কোনো নির্দেশনা অমান্য করে চলতে পারে না। এর ফলে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অপরাধের অভিযোগে মিয়ানমার বড় ধরনের চাপে পড়তে যাচ্ছে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে গণহত্যা সনদে সইয়ের পর এ পর্যন্ত তিনটি দেশে সংঘটিত গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালত রায় দিয়েছেন। এগুলো হচ্ছে সত্তরের দশকের শেষে কম্বোডিয়া, ১৯৯৪ সালে রুয়ান্ডা আর ১৯৯৫ সালে বসনিয়া।

আগের সংবাদভারতে পেঁয়াজের মূল্যবৃদ্ধি, খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার কর্মীর মামলা
পরবর্তি সংবাদরোহিঙ্গা গণহত্যার শুনানি পর্যবেক্ষণে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল