খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

ফাতেহ ডেস্ক :

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন সর্বসম্মতিক্রমে খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ।

খালেদার জামিন প্রশ্নে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শুনানি শেষ হয়। পরে এজলাস ছেড়ে উঠে যান বিচারপতিরা। ৬ বিচারপতি মিলে ভেতরে ১৫ মিনিট পরামর্শ করার পর এই আদেশ দেন আপিল বিভাগ।

এর আগে ১০টা ১০ মিনিটের দিকে খালেদা জিয়ার জামিন শুনানি শুরু হয়। মাঝখানে বিরতি শেষে ফের আদালতের কার্যক্রম শুরু হয়। শুরুতে আদালতের কাছে খালেদা জিয়ার সবশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কিত মেডিকেল বোর্ডের প্রতিবেদন জমা দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর। এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীনকে বিএসএমএমইউর দেয়া স্বাস্থ্যগত প্রতিবেদন পড়তে দেয়া হয়।

প্রথমে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মেডিকেল বোর্ডের প্রতিবেদন নিয়ে কথা বলেন। পরে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বক্তব্য দেন।

জয়নুল আবেদীন বলেন, ‘এই আদালত দেশের সর্বোচ্চ আদালত। এই আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা মানবিক কারণে খালেদা জিয়ার জামিন চাইছি। খালেদা জিয়া আদালতে গেলেন হাঁটতে-হাঁটতে। একজন সুস্থ মানুষ ছিলেন। কিন্তু আমরা দেখলাম, তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তার অবস্থা এমন যে তিনি পঙ্গু অবস্থায় চলে গেছেন। হয়তো ছয় মাস পর তার অবস্থা আরো খারাপ হবে। আর কোথাও গিয়ে লাভ নেই। এ জন্য আমরা বারবারই আদালতের কাছে আসছি, বলছি, মানবিক কারণে খালেদা জিয়াকে জামিন দেয়া হোক।’’

এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জামিন আবেদনের বিরোধীতা করে তার বক্তব্য তুলে ধরেন। আপিল বিভাগ উভয় পক্ষের বক্তব্য শোনার পর দুপুরে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন।

আগের সংবাদকাশ্মীরের বিখ্যাত জামে মসজিদ : ৪ মাস ধরে বন্ধ জুমার নামাজ
পরবর্তি সংবাদবিজয়ের মাস উপলক্ষ্যে ময়মনসিংহে ৫ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু