
ফাতেহ ডেস্ক :
ভারতে পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব বিল নিয়ে এখনই প্রতিক্রিয়া জানাচ্ছে না বাংলাদেশ। সরকারের দায়িত্বশীলরা বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
আইনটি পাসের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘ভারতের সংসদে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আমরা এখনও কোনো মিটিং করিনি। তবে এই আইন নিয়ে ভারতের অভ্যন্তরেই সমালোচনা হচ্ছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। তারপরই এ বিষয়ে আলাপ করবো।’
উল্লেখ্য, ভারতের সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি পাস হওয়ার পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এতে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে বিলটি আইনে পরিণত হয়েছে।
নতুন এই আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ‘ধর্মীয় নিপীড়নের’ শিকার হয়ে যেসব অমুসলিম ভারতে গিয়েছেন, তাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে আর ভাবা হবে না, বরং তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।
