ফাতেহ ডেস্ক :
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘ভারতের নাগরিকত্ব বিলে মুসলমানদের ওপর জুলুম করা হয়েছে। নির্দিষ্ট কোনো ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। নাগরিকত্ব বিলে মুসলমানদের ওপর অবিচার করায় বাংলাদেশ ৯০% মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে এ বিলের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা বিল পাশ করতে হবে।’
১৪ ডিসেম্বর শনিবার রাতে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এ বিতর্কিত নাগরিকত্ব বিলের ব্যপারে ক্ষোভ জানিয়েছে। বাংলাদেশের মত ৯০% মুসলিম অধ্যুষিত বাংলাদেশকেও রাষ্ট্রীয়ভাবে এ বিলের নিন্দা ও প্রতিবাদ জানানো সময়ের অপরিহার্য দাবি। নাগরিকত্ব বিলে পাশ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের ওপর জুলুম-অবিচার করা সত্বেও বাংলাদেশের মতো ৯০% মুসলমানের দেশ এ বিষয়ে চুপ থাকা বড় দুঃখজনক ও লজ্জাজনক।’
মুসলমানদেরকে বাদ দিয়ে এভাবে নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার প্রচেষ্টাকে রুখে দিতে ওআইসি, আরবলীগ-সহ বিশ্বমুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
