আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় মুসলিম নেতারা। আইন নিজের হাতে না তুলে নিয়ে গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন তারা।
অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের পশ্চিমবঙ্গের সভাপতি ফজলুর রহমান বলেছেন, ‘কারও প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করুন। না হলে আন্দোলনের গতি নষ্ট হবে।’
জামায়াতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ সভাপতি মাওলানা আবদুর রফিক বলেছেন, ‘এই আইনের বিরুদ্ধে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করতে হবে। দীর্ঘমেয়াদে আন্দোলনে সহিংসতার আশ্রয় নিলে কখনও ভালো ফল আসতে পারে না।’
বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া বলেছেন, ‘বিজেপি সরকারের ধর্মীয় বিভাজনের নতুন আইনের বিরোধিতা করে মানুষ রাস্তায় নেমেছেন। কিন্তু আন্দোলন করতে গিয়ে অপ্রীতিকর ঘটনা আন্দোলনের গতি বদলে দেবে। আমাদের সতর্ক থাকতে হবে।’
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের রাজ্য কমিটির সদস্য মাওলানা নিজামুদ্দিম কাশেমি বলেন, ‘নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে যারা হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছেন, তারা ঠিক করছেন না। আমাদের দল এই ধরনের আন্দোলনের অনুমতি দেয়নি। আইন নিজের হাতে তুলে নিয়ে আন্দোলন করবেন না কেউ।’
উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতায় শুরু হওয়া এই বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে কলকাতা, মেঘালয়, ত্রিপুরা এবং আসামে। রাজধানী নয়াদিল্লির একট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। তবে সবচেয়ে বেশি বিক্ষোভ দেখা গেছে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় আসামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই রাজ্যে স্থানীয় প্রশাসন কারফিউ জারি করলেও তা ভেঙে রাজপথে নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।
