এবারও রোহিঙ্গাদের আশ্বস্ত করতে ব্যর্থ মিয়ানমার

ফাতেহ ডেস্ক :

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে কথা বলতে তৃতীয়বারের মতো কক্সবাজারে এসেছে মিয়ানমার ও আসিয়ানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। দুই দিনব্যাপী সফরের প্রথম দিনই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ফোর এক্সটেনশনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিয়ানমার প্রতিনিধিদলের সঙ্গে রোহিঙ্গাদের বৈঠক চলে। সেখানে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে মিয়ানমার ও আসিয়ান প্রতিনিধিদলের প্রথম দিনের সংলাপ হয়। তাতে ৪১ জন রোহিঙ্গা কমিউনিটি নেতা ও ছয়জন কমিউনিটি নারীনেত্রী অংশ নেন।

সংলাপে অংশ নেওয়া রোহিঙ্গা নেতাদের ‘এনভিসি’ কার্ড নিয়ে মিয়ানমারে ফিরে যেতে বারবার অনুরোধ জানায় মিয়ানমারের প্রতিনিধিদল। কিন্তু রোহিঙ্গাদের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করে বলা হয়, পূর্ণ নাগরিকত্বসহ নানা সুযোগ-সুবিধা দিলেই কেবল তারা ফিরবে।

সংলাপ শেষে রোহিঙ্গা ক্যাম্পে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে চ্যান আই জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যেতে তাদের সরকার আন্তরিক। মিয়ানমারের ফিরতে ইচ্ছুক রোহিঙ্গাদের প্রথমে এনভিসি কার্ড দেওয়া হবে। পরে তাদের নিজেদের বাড়িঘর ফিরিয়ে দেওয়া হবে।

তবে মিয়ানমার প্রতিনিধিদলের এসব আশ্বাসে আশ্বস্ত নয় রোহিঙ্গারা। মিয়ানমার প্রতিনিধিদলের সঙ্গে তিন ঘণ্টা আলোচনার পর রোহিঙ্গারা জানিয়ে দেয়, নাগরিকত্ব, নিরাপত্তাসহ সব দাবি পূরণ না হলে তারা মিয়ানমারে ফিরতে ইচ্ছুক নয়।

উল্লেখ্য, এর আগে ২৭ জুলাই মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ের নেতৃত্বে ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প সফর করে। আসিয়ানের প্রতিনিধিদলটিও তাদের সঙ্গে ছিল।

এর আগে ২০১৮ সালের ১১ এপ্রিল মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রী উইন মিয়াট আয়ের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসেছিলেন। এবার তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের সঙ্গে সংলাপ করতে দুই দিনের সফরে আসা প্রতিনিধিদলটি কক্সবাজারে অবস্থান করছে।

আগের সংবাদঅভিশংসিত ট্রাম্প, জানুয়ারিতে সিনেটের বিচার
পরবর্তি সংবাদমুসলিম বিদ্বেষ ইস্যুতে দলের ভাবমূর্তি রক্ষায় কনজারভেটিভ পার্টির উদ্যোগ