নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে দিল্লিতে গায়ে আগুন দিল যুবক

আন্তর্জাতিক ডেস্ক :

নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে এবার খোদ রাজধানী দিল্লিতে কার্তিক মেহের নামের এক যুবক নিজের শরীরের আগুন দিয়ে আত্মাহুতি দেওয়ার চেষ্টা করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, বুধবার সন্ধ্যায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাষ্ট্রপতি ভবনের অদূরে ইন্ডিয়া গেটের সামনেই।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ২৫ বছর বয়সী এক যুবক ইন্ডিয়া গেটের সামনে এসে গায়ে আগুন দেন। তাৎক্ষণিক তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, ওই যুবকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার বাঁচার সম্ভাবনাও ক্ষীণ। তবু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওডিশার বাসিন্দা কার্তিক মেহারকে গায়ে আগুন দেওয়ার আগে নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে দেখা যায়।

উল্লেখ্য, সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন পাস করে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এতে বলা হয়েছে- মুসলিম ছাড়া আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ব্যাপক বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠে ভারত। বিশেষ করে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অগ্নিগর্ভ হয়ে উঠে। পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী নয়াদিল্লিসহ গোটা ভারতে।

আগের সংবাদকে হচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি?
পরবর্তি সংবাদবাড়ছে ইজতেমা মাঠের পরিধি