
ফাতেহ ডেস্ক :
আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমা। ২০২০ সালের প্রথম পর্বে এ বিশ্ব ইজতেমায় আলমি শুরার সাথীরা অংশগ্রহণ করবেন। প্রথম পর্বে সর্বোচ্চসংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত করতে চলছে জোর প্রস্তুতি। সে কারণে বাড়ছে ইজতেমা মাঠের পরিধিও।
ইজতেমা মাঠের প্রস্তুতি কাজের জিম্মাদার মোস্তফা ইসলাম জানান, ‘ইজতেমার সাথীদের অবস্থানে পর্যাপ্ত স্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে এ বছর বেড়িবাঁধের পশ্চিম পাশে, বাটা কোম্পানির মাঠ ও হুন্ডা ভবনের খালি অংশও ইজতেমার জন্য প্রস্তুত করা হচ্ছে। যাতে আগত মুসল্লিদের মাঠে অবস্থানে বিঘ্ন না ঘটে।’
প্রথম পর্বে ইজতেমায় সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির সম্ভাবনায় ইজতেমার জায়গা বাড়ানোর চিন্তা করছে মুরব্বিরা। সারাদেশ থেকে আলমি শুরার সাথীদের ব্যাপক উপস্থিতির বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিচ্ছেন ইজতেমার মুরব্বিরা।
উল্লেখ্য, এবারও দুই গ্রুপ আলাদাভাবে ইজতেমায় অংশগ্রহণ করবে। প্রথম পর্বে (১০-১২ জানুয়ারি) আলমি শুরার সাথীরা অংশগ্রহণ করবেন। দ্বিতীয় পর্বে (১৭-১৯ জানুয়ারি) মাওলানা সাদ কান্ধলভির অনুসারীর ইজতেমা পরিচালনা করবেন।
