ভারত কিছু মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার চেষ্টা করছে : মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের নাগরিকত্ব আইনের তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শুক্রবার কুয়ালালামপুর সামিট ২০১৯ উপলক্ষে দেয়া এক ভাষণে তিনি এ নিন্দা জানান। খবর আল জাজিরার।

মাহাথির বলেন, ‘এই আইনের বিরোধিতা করে বিক্ষোভ-সংঘাতে মানুষ মারা যাচ্ছে। কোনো সমস্যা ছাড়াই যখন সবাই নাগরিক হিসেবে ৭০ বছর ধরে সেখানে বসবাস করছে তাহলে এখন এই আইনের প্রয়োজন কি? আমরাও যদি এমনটা করি তবে কী ঘটবে আমি জানি না। এমনটা ঘটলে এখানে অশান্তি ও অস্থিতিশীলতা বাড়বে। এতে সবাইকে ভুগতে হবে।’

মাহাথির আরও বলেন, ‘আমি দুঃখিত আমাকে এটা বলতে হচ্ছে যে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত কিছু মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার চেষ্টা করছে।’

প্রসঙ্গত, ভারতে চলমান উত্তেজনার মধ্যেই মাহাথিরের এমন মন্তব্য সামনে এলো। ভারতের উত্তরপ্রদেশে বিক্ষোভ-সংঘাতে গত দু’দিনে নয়জনের মৃত্যু হয়েছে। সেখানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১১ জন নিহত হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইনকে বৈষম্যমূলক বলে উল্লেখ করেছে জাতিসংঘ। অপরদিকে ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আগের সংবাদনাগরিকের অধিকার নিশ্চিতে কাজ করতে দলীয় নেতাদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদ‘আওয়ামী লীগে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে’