মিয়া গোলাম পরওয়ারই হতে যাচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

ফাতেহ ডেস্ক :

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারই হতে যাচ্ছেন দলটির পরবর্তী সেক্রেটারি জেনারেল। আনুষ্ঠানিকভাবে দলের ভেতরে বা বাইরে এ সংক্রান্ত কোনও ঘোষণা না আসলেও নেতাদের মধ্যে আলোচনা চলছে মিয়া গোলাম পরওয়ারকে নিয়েই, এখন কেবল ঘোষণার অপেক্ষা। শনিবার জামায়াতের গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্বশীল দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানান।

দলীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সঙ্গে আলোচনা করেন। সেক্রেটারি জেনারেল নিয়োগের ক্ষেত্রে তিনি কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। এসব আলোচনায় মিয়া গোলাম পরওয়ারকেই সেক্রেটারি জেনারেল নির্বাচনের পরামর্শ আসে। আলোচনায় পরওয়ারের বিষয়ে ইতিবাচক অবস্থানে ছিলেন অধিকাংশ সদস্য। তবে আনুষ্ঠানিকভাবে জানাতে আরও কয়েকদিন সময় নেবে জামায়াত।

সূত্র আরও জানায়, নতুন নির্বাচিত আমিরের মতো নতুন সেক্রেটারি জেনারেলও একাত্তর পরবর্তী প্রজন্ম, যার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিরোধিতার কোনও অভিযোগ নেই। পরামর্শের ভিত্তিতেই আমির সেক্রেটারি হিসাবে মিয়া গোলাম পরওয়ারকে বেছে নিয়েছেন। এই পরামর্শে সাংগঠনিক ঐক্যমত আছে। তবে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের অনুসারী অংশটি নাখোশ অবস্থায় রয়েছে।

এদিকে, মিয়া গোলাম পরওয়ারই সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন, জামায়াতের দায়িত্বশীল পর্যায়ের নেতার ফেসবুক স্ট্যাটাসেও এমন খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় মজলিসে শূরায় দলের আমির ডা. শফিকুর রহমান যে প্রস্তাব পাঠিয়েছেন, এই প্রস্তাবে সেক্রেটারি হিসেবে গোলাম পরওয়ারের নাম উল্লেখ রয়েছে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নায়েবে আমিরের আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, খুলনা মহানগর আমির, খুলনা মহানগরী ছাত্র শিবিরের সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের (কাপ) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনেরও অভিজ্ঞতা আছে। একইসঙ্গে দলের অভ্যন্তরে যে অংশটি ‘ব্যালেন্স’ থাকার পক্ষে, মিয়া গোলাম পরওয়ার তাদের অন্যতম।

আগের সংবাদনবিকে কটূক্তির অভিযোগে পাকিস্তানে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যুদণ্ড
পরবর্তি সংবাদনাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় মাহাথিরের ওপর ক্ষুব্ধ ভারত