বায়তুল মোকাররমে নতুন খতিব নিয়োগের চিন্তা-ভাবনা করছে ধর্মমন্ত্রণালয়

বায়তুল মোকাররমে নতুন খতিব নিয়োগের চিন্তা-ভাবনা করছে ধর্মমন্ত্রণালয়

ফাতেহ ডেস্ক:

বিগত সাড়ে চার বছর ধরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বিতর্কিত খতিব মাওলানা সালাহউদ্দিন খতিবের দায়িত্বে অনুপস্থিত রয়েছেন। তাঁর অবর্তমানে মসজিদের পেশ ইমামগণ জুমা পড়াচ্ছেন। কিন্তু দায়িত্ব পালন না করলেও নিয়মিতভাবে তিনি সরকারি বেতন-ভাতা গ্রহণ করে আসছিলেন। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ওপর পরিচালিত সরকারি নিরীক্ষায় অনুমোদনহীনভাবে কর্মস্থলে উপস্থিত না থাকায় বেতনভাতা পরিশোধের বিষয়ে আপত্তি ওঠার পর নতুন খতিব নিয়োগ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ে চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাওলানা সালাহউদ্দিনের অসুস্থতার কারণে ২০১৬ সালেই নতুন খতিব নিয়োগ দেয়ার একটি উদ্যোগ নেয়া হয়েছিল। বেশ কয়েকজনের নাম আলোচনায়ও এসেছিল। তখন নতুন খতিব নিয়োগের ব্যাপারে কোনো কোনো মহল থেকে আপত্তি তুলে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে খতিবগণ আমৃত্যু খতিব থাকার রেওয়াজ রয়েছে। ফলে বর্তমান খতিব জীবিত থাকাবস্থায় নতুন খতিব নিয়োগ দেয়া ঠিক হবে না। তবে এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগবিধিতে কোনো বাধ্যবাধকতা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ সরকারি নিরীক্ষায়ও বিষয়টি আসার পর ধর্ম মন্ত্রণালয়ে নতুন খতিব নিয়োগের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন। নতুন বছরের শুরুতে এ ব্যাপারে উদ্যোগ নেয়া হতে পারে বলে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আভাস দিয়েছেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ১ জানুয়ারি খতিব হিসেবে নিয়োগ পান মাদরাসা-ই-আলিয়া ঢাকার সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, মহাখালী মসজিদে গাউসুল আজমের খতিব প্রফেসর মাওলানা সালাহউদ্দিন। তাঁর নিয়োগের পর তাঁর বিরুদ্ধে বায়তুল মোকাররমে ব্যাপক বিক্ষোভ হয়। তখনকার সিনিয়র পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মাওলানা নূর উদ্দিনকে খতিব করার দাবিও ওঠে। এ নিয়ে পর পর কয়েক জুমার নামাজে অপ্রীতিকর ঘটনাও ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মধ্যে মাওলানা সালাহউদ্দিন খুতবা দেয়া অব্যাহত রাখলে পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হয়। কিন্তু কওমি আলেমদের বড় একটি অংশ তখন থেকে বায়তুল মোকাররমে জুমার নামাজ বর্জন করে আসছেন।

আগের সংবাদনাগরিক আইনের বিরোধিতা করায় মমতাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি বিজেপি নেতার
পরবর্তি সংবাদগাজীপুর সিটির ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিত মাসিক সম্মানীসহ বিশেষ সুবিধা প্রদানের ঘোষণা মেয়রের