আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ছত্তিশগড় রাজ্যের পৌরভোটেও পরাজয়ের পথে দেশটির কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি। ২১ ডিসেম্বর ছত্তিশগড়ে ১৫১টি শহরে নির্বাচন হয়। এর মধ্যে ১০টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ৩৮টি মিউনিসিপ্যাল কাউন্সিল এবং ১০৩টি নগর পঞ্চায়েত।
সব মিলিয়ে মোট ওয়ার্ড ছিল ২ হাজার ৩২টি। ভোটগণনা শুরু হয়েছে মঙ্গলবার। বুধবার পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা গেছে- কংগ্রেস জিতেছে ৯২৩টি; বিজেপির ঝুলিতে গেছে ৮১৪টি ওয়ার্ড। সাবেক মুখ্যমন্ত্রী অজিত যোগীর জনতা কংগ্রেস পেয়েছে ১৭ আসন। নির্দলীয়রা পেয়েছে ২৭৮টি। খবর এনডিটিভির। এখনও পর্যন্ত ৩৮টি মিউনিসিপ্যাল কাউন্সিলের মধ্যে কংগ্রেস জিতেছে ১৮টিতে। বিজেপি জিতেছে ১৭টি। ১০৩টি নগর পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস পেয়েছে ৪৮, বিজেপি ৪০। ১০টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে কংগ্রেস জিতেছে সাতটি।
রাজ্যে ভুপেশ বাগেল মন্ত্রিসভা নতুন আইন করেছে যে, পৌরসভার মেয়র এবং চেয়ারম্যানরা নির্বাচিত হবেন কাউন্সিলরদের ভোটে।
নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, ‘ছয়টি ওয়ার্ডে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনটি ওয়ার্ডে কেউ মনোনয়নই দেননি। দুটি ওয়ার্ডে সব মনোনয়নই পরে প্রত্যাহার করা হয়েছে।
একটি ওয়ার্ডে প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত রয়েছে।’ রায়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৭০টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এখনও পর্যন্ত জিতেছে ২৩টি। কংগ্রেস জিতেছে ২২টি।
ছত্তিশগড় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শৈলেশ নীতিন ত্রিবেদি বলেন, ‘ভোটের ফলে দেখা যাচ্ছে, বিজেপির তুলনায় বেশি ওয়ার্ড পেয়েছে আমাদের দল। বেশ কয়েকটি আসনে আমরা যথেষ্ট এগিয়ে আছি।
রাজ্যের বেশিরভাগ পৌরসভায় শীর্ষে থাকবেন কংগ্রেসের মেয়র ও চেয়ারম্যানরা।’ রাজ্য বিজেপির প্রধান বিক্রম উসেন্দি বলেন, পৌরভোটেই দেখা গেল, ভুপেশ বাগেল সরকার এক বছরেই জনপ্রিয়তা হারিয়েছে। গত বছর ডিসেম্বরে ছত্তিশগড়ে ক্ষমতায় আসে কংগ্রেস।
