আন্তর্জাতিক ডেস্ক :
ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাকিস্তানের দুই ও ভারতের তিন সেনা নিহত হয়েছে।
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন।
পাকিস্তানের দাবি যুদ্ধবিরতি ভঙ্গ করে প্রথমে হামলা চালায় ভারতীয় বাহিনী। তার জবাবে হাজি পীর সেক্টরে ভারতীয় পোস্ট ধ্বংস করে তারা। ওই হামলায় এক সুবেদারসহ তিন ভারতীয় সেনা নিহত হয়।
উল্লেখ্য, সম্প্রতি জম্মু ও কাশ্মীর থেকে ৭২ কোম্পানি সেনা প্রত্যাহার করেছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই দুই দেশের মধ্যে গোলাগুলি হলো।
