আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে দুই লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ। সিরিয়ায় সরকারি বাহিনীর অভিযানের মুখে ১২ থেকে ২৫শে ডিসেম্বরের মধ্যে বিপুল সংখ্যক মানুষ এলাকা ছেড়েছে।
জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা ওচা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিদ্রোহীদের শেষ প্রধান ঘাঁটি। রাশিয়ার সহায়তায় সিরিয়া সরকার গত নভেম্বর থেকে ইদলিবে বোমা হামলা চালাচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি সেখানে বিমান এবং স্থল হামলা বাড়ার কারণে বেসামরিক নাগরিক এলাকা ছেড়ে দ্রুত সরে যেতে শুরু করেছে।
