ইরাকে নতুন করে আবারও সেনা পাঠাচ্ছে আমেরিকা

ইরাকে নতুন করে আবারও সেনা পাঠাচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকে নতুন করে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে আমেরিকা। গতকাল মঙ্গলবার ইরাকের শত শত বিক্ষোভকারী বাগদাদে অবস্থিত মার্কিন দূতবাসে হামলা-ভাঙচুর চালানোর প্রেক্ষিতে অতিরিক্ত ৭৫০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। গত রোববার মার্কিন বাহিনীর অভিযানে ২৫ শিয়া যোদ্ধা নিহত হওয়ার প্রেক্ষিতে দূতবাসে হামলা করে বিক্ষোভকারীরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, মঙ্গলবার বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস লক্ষ্য করে ঢিল-পাথর ছোড়া, ক্যামেরা ভাঙচুর, নিরাপত্তা চৌকিতে আগুন দেয়া ছাড়াও দূতাবাসের নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছিল। গতকালের ওই হামলার পর ‘নিরাপত্তা শঙ্কা’র অজুহাতে দেশটিতে আরও সৈন্য পাঠানোর ঘোষণা দিল ওয়াশিংটন।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের বাইরের দিকের দেয়াল ভেঙে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে দূতাবাসের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ছোড়েন। পরে ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও অন্য কর্মীদের দূতাবাস থেকে সরিয়ে নেয়া হয়।

দূতাবাসে হামলার পরপরই ট্রাম্প এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে পাল্টা পদক্ষেপ নেয়ার হুমকি দেন। গতকাল মঙ্গলবার নববর্ষের প্রাক্কালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, যেকোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ‘বড় ধরনের মূল্য’ দিতে হবে।

রাজনৈতিক ভাষ্যকারেরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ইরান সমর্থিত জনতার এ বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ হয়ে হাজির হয়েছে বলে মনে করছেন । তারই প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন ইরাকে অতিরিক্ত সেনা পাঠানোর এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।

মঙ্গলবার ট্রাম্প তার টুইট বার্তায় দূতাবাসে হামলা নিয়ে বলেন, ‘এই ঘটনার সম্পূর্ণ দায়ী তেহরান। তাদের অনেক বড় মূল্য চুকাতে হবে! এটা সতর্কবার্তা নয়, এটা হুমকি। শুভ নববর্ষ!’ এরপর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ঘোষণা দেন, ইরাকে দ্রুত সাড়ে সাত শ সেনা মোতায়েন করা হচ্ছে।

গত রোববার ইরাকের ইরান সমর্থিত একটি শিয়া গোষ্ঠীর স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালালে ২৫ জন যোদ্ধা নিহত হয়। এরপর মঙ্গলবার বিক্ষোভকারীরা ‘যুক্তরাষ্ট্রের ধ্বংস হোক, ধ্বংস হোক’ স্লোগানে মার্কিন দূতাবাসে ভাঙ্চুর-অগ্নিসংযোগ করে।

গত সপ্তাহে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত হওয়ার বদলা হিসেবে মার্কিন সেনাবাহিনী গত রোববার ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর ওপর বিমান হামলা চালায়। হামলার জন্য ওই ইরান সমর্থতি ওই শিয়া গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।

আগের সংবাদবিদায়ী বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ হাজার ৬২৮ জন
পরবর্তি সংবাদরোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অস্থিরতা