সোলায়মানি হত্যার ‘কঠিন প্রতিশোধ’ গ্রহণের হুঁশিয়ারি খামেনি’র

সোলায়মানি হত্যার ‘কঠিন প্রতিশোধ’ গ্রহণের হুঁশিয়ারি খামেনি’র

আন্তর্জাতিক ডেস্ক:

আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলায়মানি নিহত হবার ঘটনায় কঠিন প্রতিশোধ নেবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শুক্রবার সোলায়মানির মৃত্যুতে এক শোকবার্তায় তিনি বলেন, যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে লেঃ জেনারেল সোলায়মানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে। এ সময় শিয়াদের সর্বোচ্চ এ নেতা ইরানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

খামেনি বলেন, বিশ্বের কুচক্রি ও শয়তানি শক্তিগুলোর বিরুদ্ধে বহু বছর ধরে একনিষ্ঠ ও বীরোচিত জিহাদ চালিয়ে গেছেন জেনারেল সোলায়মানি। তিনি দীর্ঘদিন ধরে শাহাদাতের অমীয় সুধা পান করার যে আকাঙ্ক্ষা পোষণ করতেন শেষ পর্যন্ত সেই উচ্চ মর্যাদায় তিনি অধিষ্টিত হয়েছেন; তবে তার রক্ত ঝরেছে মানবতার সবচেয়ে বড় দুশমন ও সবচেয়ে জালিম শাসক আমেরিকার হাতে।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, বিগত বছরগুলোতে জেনারেল সোলায়মানি যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার পুরস্কার হিসেবে তিনি শাহাদাতপ্রাপ্ত হয়েছেন এবং তার চলে যাওয়ায় তার রেখে যাওয়া পথ বন্ধ হবে না।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, শহীদ সোলায়মানি প্রতিরোধ আন্দোলনের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন বলে এই আন্দোলনের নিবেদিতপ্রাণ প্রতিটি কর্মী তার শাহাদাতের বদলা নিতে প্রস্তু রয়েছেন। কাজেই সকল বন্ধু ও শত্রুর জেনে রাখা উচিত জেনারেল সোলায়মানির শাহাদাতের পর দ্বিগুণ উৎসাহে প্রতিরোধ আন্দোলন এগিয়ে যাবে এবং এই আন্দোলনের বিজয় অনিবার্য। এই প্রিয় আত্মোৎর্গকারী শহীদের অনুপস্থিতি আমাদের জন্য কষ্টকর হলেও তার রেখে যাওয়া আন্দোলনের চূড়ান্ত বিজয় তার হত্যাকারী ও অপরাধীদের জন্য হবে আরো বেশি তিক্ত। সূত্র : পার্স টুডে

আগের সংবাদস্মার্ট ঢাকা গড়ার প্রতিশ্রুতি ফজলে বারী মাসউদের
পরবর্তি সংবাদভারতে গোবরের তৈরি সাবান, টুথপেস্ট ও কফি কিনতে দোকানে ভিড়!