ইরাকে আবারও মার্কিন বিমান হামলা, এক শীর্ষ কমান্ডারসহ নিহত ৬

ইরাকে আবারও মার্কিন বিমান হামলা, এক শীর্ষ কমান্ডারসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে এক ড্রোন হামলায় হত্যার ২৪ ঘণ্টা পর ইরাকে ফের বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার শেষ রাতে অর্থাৎ শনিবার ভোরে রাজধানী বাগদাদের উত্তরের তাজি এলাকায় আল শাবির একটি ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এতে আল শাবির এক শীর্ষ কমান্ডারসহ ছয়জন নিহত হয়েছেন।

সামরিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে পপুলার মোবিলাইজেশন ইউনিট অবশ্য এই হামলায় তাদের শীর্ষ কমান্ডার নিহত হওয়ার খবর অস্বীকার করেছে।

সোলেইমানি হত্যার পর তেহরান যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দেয়ার পর ফের এই হামলা হলো। গতকাল মার্কিন ড্রোন হামলায় ইরানের অভিজাত বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের (বিদেশি শাখা) কমান্ডার সোলেইমানি নিহত হন। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির পর তার ক্ষমতাই ছিল সবচেয়ে বেশি।

গত এক সপ্তাহ ধরে ইরাকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছিল। গত ২৭ ডিসেম্বর পিএমইউ-এর শাখা কাতায়েব হিজবুল্লাহ’র এক রকেট হামলায় মার্কিন এক ঠিকাদার নিহত হন। তার দুদিন পর যুক্তরাষ্ট্র পিএমইউ-এর ঘাঁটিতে হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করে।

এর প্রতিবাদে গত সোমবার পিএমইউ-এর সদস্যরা মিছিল নিয়ে রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতবাসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের আরও ৭৫০ সেনা মোতায়েনের ঘোষণা দেয়। এরপর শুক্রবার ভোরে সোলেইমানি ও পিএমইউ-এর উপপ্রধানসহ আটজনকে হত্যা করে।

আগের সংবাদইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা, নিহতের সংখ্যা বেড়ে ৪৩
পরবর্তি সংবাদমধ্যপ্রাচ্যে হুমকির মুখে মার্কিন বাহিনী, অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র