আন্তর্জাতিক ডেস্ক :
ব্রিটেনে খৃষ্টধর্ম অনুসারীদের সংখ্যা হ্রাস হলেও বাড়ছে মুসলিমদের সংখ্যা। শুক্রবার প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর করা একটি সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
ব্রিটিশ জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, নতুন আদমশুমারী অনুযায়ী দেশটির বর্তমান মুসলিমদের সংখ্যা ৩০ থেকে ৪০ লক্ষের মাঝামাঝিতে অবস্থান করছে। আগের যেকোনো সময়ের তুলনায় ব্রিটেনে এটাই মুসলিমদের সর্বোচ্চ সংখ্যা।
সমীক্ষায় বলা হয়েছে, ২০১১ সালে ব্রিটেনের মোট জনসংখ্যার ৪.৭ শতাংশ ছিল মুসলিম। ২০১৬ সালে ৫.৬ শতাংশ-এসময় মুসলিমদের সংখ্যা ছিল ৩০ লক্ষ ৯২ হাজার। আর ২০২০ সালে এসে মুসলিমদের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে প্রায় ৪০ লক্ষ ছুঁই ছুঁই।
অন্যদিকে ব্রিটেনে খৃষ্টানরা সংখ্যাগরিষ্ঠ হলেও দিনদিন তাদের সংখ্যার অবনতি হচ্ছে। ২০১১ সালের ৫৯.৬ শতাংশ থেকে নেমে ২০২০ সালে তাদের সংখ্যা ৫৬.৬ শতাংশে এসে দাঁড়িয়েছে।
