আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে দিমিত্রি মেদভেদের পদত্যাগের ঘোষণা পর দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে কর বিভাগের প্রধান মিখাইল মিশুস্তিনের নাম ঘোষণা করেছেন পুতিন। ৫৩ বছর বয়সী মিশুস্তিন ১৯৯৯ সাল থেকে সরকারে কাজ করে আসছেন এবং ২০১০ সাল থেকে ফেডারেল ট্যাক্স সার্ভিসের প্রধানের দায়িত্ব পালন করছেন।
এদিকে পুতিনের কাছে পদত্যাগপত্র দেয়ার পর দিমিত্রি মেদভেদ এখন রাশিয়ার প্রভাব বিস্তারকারী নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।
এর আগে দেশটির সংবিধান পরিবর্তনের বিষয়ে পার্লামেন্টে দেওয়া পুতিনের ঘোষণার কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়া রাশিয়ার পুরো সরকার পদত্যাগ করেছে।
বিবিসির খবরে বলা হয়, সংবিধান পরিবর্তনের ব্যাপারে রাশিয়াজুড়ে গণভোট আয়োজনের প্রস্তাব করেছেন পুতিন। নতুন সংবিধানে প্রেসিডেন্টের বদলে পার্লামেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী হবে। বুধবার বৈঠক করে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সহকারী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন পুতিন।
প্রধানমন্ত্রী মেদভেদেভ বলছেন, ‘প্রেসিডেন্ট পুতিনের এ প্রস্তাবে রাশিয়ার ক্ষমতাকাঠামোতে ব্যাপক পরিবর্তন আসবে। প্রেসিডেন্টের এ প্রস্তাব শুধু সংবিধান নয়, বরং দেশের পুরো ক্ষমতাকাঠামো, পার্লামেন্ট ও বিচার বিভাগের ক্ষমতাকাঠামোও বদলে দেবে। এমন পরিস্থিতিতে পুরো সরকার পদত্যাগের ঘোষণা দিচ্ছে।’
তবে হুট করে পুতিনের এমন সিদ্ধান্তে বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে। বিবিসির মস্কো প্রতিনিধি সারাহ রেইনসফোর্ড বলেছেন, পুতিন কেন মেদভেদেভকে সরিয়ে দিলেন, সেটি এখনো পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, নিজের ক্ষমতায় থাকার মেয়াদ বাড়াতেই সংবিধান পরিবর্তন করার উদ্যোগ নিয়েছেন পুতিন। ২০২৪ সালে পুতিনের ক্ষমতায় থাকার চতুর্থ মেয়াদ শেষ হবে। বর্তমান সংবিধান অনুযায়ী এরপর আর প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ নেই পুতিনের।
