ফেনীতে ১ বছরে ৬৪ ধর্ষণ ও যৌন নিপীড়ন

ফেনীতে ১ বছরে ৬৪ ধর্ষণ ও যৌন নিপীড়ন

ফাতেহ ডেস্ক :

ফেনীতে গত এক বছরে অন্তত ৬৪টি যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনার অভিযোগে মামলা হয়েছে। এর মধ্যে ধর্ষণের ঘটনায় ৩৭টি ও যৌন নিপীড়নে ২৬টি মামলা হয়েছে। আর যৌতুকের জন্য খুনের মামলা হয়েছে একটি। ফেনীর বিভিন্ন থানায় করা মামলা সূত্রে এসব তথ্য জানা গেছে।

ফেনীর ছয়টি থানার মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে দাগনভূঞা ও সোনাগাজী থানায়। ৯টি করে মামলা হয়েছে এই দুটি থানায়। এ ছাড়া ফেনী সদর থানায় ৭টি, ছাগলনাইয়ায় ৬টি, পরশুরাম থানায় ৪টি এবং ফুলগাজী থানায় ২টি মামলা হয়েছে।

গত এক বছরে যৌন নিপীড়নের ঘটনায় জেলার ছাগলনাইয়া থানায় ৬টি, ফেনী সদর থানায় ৫টি, দাগনভূঞা থানায় ৪টি, সোনাগাজী থানায় ৫টি, পরশুরাম থানায় ৩টি এবং ফুলগাজী থানায় ৩টি মামলা হয়েছে। নারী নির্যাতন ও যৌতুকের ঘটনায় জেলার ফুলগাজী থানায় ৮টি, ফেনী সদর থানায় ৬টি, দাগনভূঞা থানায় ৪টি, সোনাগাজী থানায় ৪টি, ছাগলনাইয়া থানায় ৪টি এবং পরশুরাম থানায় ২টি মামলা হয়েছে।

ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, ফেনীতে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা, জিডিসহ অভিযোগ পেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে তৎপর হন।

বাংলাদেশ মানবাধিকার সম্মিলন ফেনীর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, ধর্ষণের সব ঘটনায় থানায় মামলা হয় না। সামাজিক ও পারিবারিক কারণে অনেক ঘটনা প্রকাশ্যে আসে না। জেলায় যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনা আরও বেশি হবে। এগুলো নিয়ন্ত্রণ করতে হলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

আগের সংবাদইয়েমেনের সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, নিহত ৬০
পরবর্তি সংবাদমৌলভীবাজারে চা বাগানে পাঁচজনকে কুপিয়ে হত্যা