রাখাইনে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চীনের বিশাল বিনিয়োগ চুক্তি

রাখাইনে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চীনের বিশাল বিনিয়োগ চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক :

রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক মহল সোচ্চার হলেও মিয়ানমারের পক্ষে শক্ত অবস্থান নিয়ে রাখাইনে গভীর সমুদ্রবন্দর ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ কয়েক শ’ কোটি ডলার প্রকল্পের চুক্তি সই করেছে চীন। এমন এক সময় চীন বিনিয়োগ চুক্তিগুলো করল যখন আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু হয়েছে।

অর্থনৈতিক ও সামরিক দিক থেকে বলীয়ান চীনের নতুন বিনিয়োগে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনঠাসা হয়ে পড়া মিয়ানমার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার জন্য বিশ্ব সম্প্রদায়ের দাবির প্রতি অবজ্ঞা প্রদর্শনে উৎসাহিত হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও রোহিঙ্গাসহ অন্যান্য উদ্বাস্তুবিষয়ক গবেষক ড. সি আর আবরার গণমাধ্যমকে বলেন, ‘চীন নিজ দেশেই মুসলিম সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানোর অভিযোগে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে। এ অবস্থায় তারা মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি সংবেদনশীল হয়ে কোনো অবস্থান নেবে, এমনটা আশা করা যায় না। গণহত্যার অভিযোগ পাশ কাটাতে মিয়ানমার বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে যতটা সম্ভব সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যাবে। চীনের নতুন বিনিয়োগে রোহিঙ্গা গণহত্যার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার জন্য বিশ্ব সম্প্রদায়ের দাবির প্রতি অবজ্ঞা প্রদর্শনে মিয়ানমার উৎসাহিত হবে।’

রয়টার্স জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মিয়ানমার সফরে উভয় দেশ ৩৩টি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল উভয় দেশ অবকাঠামোগত প্রকল্প গতিশীল করতে এসব চুক্তি স্বাক্ষর করে। চুক্তির মধ্যে রয়েছে চীন থেকে ভারত মহাসাগর পর্যন্ত রেল নেটওয়ার্ক গড়ে তোলা, সহিংসতাকবলিত রাখাইনে গভীর সমুদ্রবন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা।

উল্লেখ্য, ১৯ বছরের মধ্যে প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট হিসেবে মিয়ানমার সফর করলেন জিন পিং। চীনা প্রেসিডেন্টের এই সফরকে চীনের গ্লোবাল বেল্ট ও রোড উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। গত শুক্রবার মিয়ানমারে অভ্যর্থনা অনুষ্ঠানে সু চি চীনকে আন্তর্জাতিক বিষয়াবলি ও বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মহান দেশ হিসেবে উল্লেখ করেন।

আগের সংবাদমৌলভীবাজারে চা বাগানে পাঁচজনকে কুপিয়ে হত্যা
পরবর্তি সংবাদইজরাইল প্রতিষ্ঠাতার ছেলের রাজসাক্ষ্য : ‘ইহুদীবাদী প্রকল্পে আমি লজ্জিত’