আন্তর্জাতিক ডেস্ক :
মসজিদে আকসার প্রধান ইমাম শায়খ ইকরিমা সাবেরির বরখাস্তাদেশকে ইজরাইলের মানবাধিকার নীতিমালার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিন। মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসা রক্ষায় নতুন করে জেগে উঠার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মসজিদে আকসার ইমামকে বরখাস্তের ঘটনায় ১৯ জানুয়ারি রোববার ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ফিলিস্তিনি জনগণকে এই আহ্বান জানায়। ফিলিস্তিনের জনগণের এ জাগরণ দেশটিতে ইজরাইলের ধারাবাহিক আগ্রাসন ও দখলদারিত্ব বন্ধে ভূমিকা রাখতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, এর আগে ১৭ জানুয়ারি শুক্রবার আল আকসার খতিব শায়খ ইকরিমা সাবরি জুমআর খোতবায় ইজরাইলের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদী বক্তব্য দেয়ায় তাকে ১৯ জানুয়ারি (রোববার) সাময়িক বরখাস্ত করেছে দখলদার কর্তৃপক্ষ। এছাড়াও কুদস নগরীতে বসবাসরত মুসলমান ফিলিস্তিনিদের ওপর অস্বাভাবিক কঠোরতা শুরু করেছে দখলদার ইজরাইলি সেনা কর্তৃপক্ষ। তারা স্থানীয় সিলওয়ানের কয়েকটি দোকান ও বাসস্ট্যান্ডেও হামলা চালিয়েছে বলে জানা যায়।
