ফাতেহ ডেস্ক :
রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফের মানুষ পরবাসীর মতো হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক কারণে সাহায্য করেছিলাম, কিন্তু আজ আমরাই মানবিক সংকটে রয়েছি। বিশেষ করে কক্সবাজারের মানুষেরা রোহিঙ্গাদের কারণে আজ অস্তিত্বের সংকটে ভুগছে, উখিয়া-টেকনাফের মানুষ পরবাসীর মতো হয়ে যাচ্ছে। এজন্য আমাদের পরিবেশ, অর্থনীতি, পর্যটন ও জীববৈচিত্র আজকে হুমকির সম্মুখিন। তাই সবকিছু বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়সহ চীন, ভারতকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা উচিত। আমরা বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো মিয়ানমারের ওপর চাপ আরও জোরদার করার জন্য। তাদের নাগরিকদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য।’
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার নানা কৌশল অবলম্বন করছে উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে তারা পাস কাটিয়ে যেতে চায়। তাদের এই বোঝা আমরা আর বহন করতে চাই না। এই বোঝা বহন করার দায়িত্ব বিশ্বের। আমাদের এই অস্থিরতা ও বোঝা থেকে মুক্তি দিতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়। আমরা কারও দয়া ও সাহায্য চাই না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাই।’
