ফাতেহ ডেস্ক :
রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে একটি অ্যাডহক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা উচিত বলে মনে করেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ইয়াং হি লি। ওই ট্রাইব্যুনাল কেমন হবে, সে বিষয় মার্চে অনুষ্ঠেয় মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে এ প্রস্তাব তিনি তুলে ধরবেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক সংবাদ সম্মেলনে ইয়াং হি লি এ কথা বলেন।
ইয়াং হি লি বলেন, অতীতে রুয়ান্ডা, বসনিয়া-হারজিগোভিনিয়াসহ বিভিন্ন জায়গায় যেসব ট্রাইব্যুনাল হয়েছে, মিয়ানমারের ট্রাইব্যুনালটিও তেমন ধরনের হবে। আইসিজের বিচার যেভাবে চলছে, সেভাবেই চলবে। এর পাশাপাশি এই অ্যাডহক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন দরকার। এটা কীভাবে কাজ করবে, এর ধরন কেমন হবে, তা মার্চের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে তুলে ধরা হবে।
২০১৭ সালে বৌদ্ধ আধিপত্যের দেশ মিয়ানমারে সামরিক অভিযানে রাখাইন রাজ্যে হাজার হাজার রোহিঙ্গা হত্যার ঘটনা ঘটে। সেনাবাহিনীর বর্বর নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।
