রোহিঙ্গাদের সুরক্ষায় আইসিজের আদেশ মানতে মিয়ানমারকে জাতিসংঘের আহ্বান

রোহিঙ্গাদের সুরক্ষায় আইসিজের আদেশ মানতে মিয়ানমারকে জাতিসংঘের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক :

গণহত্যা থেকে রাখাইনের সংখ্যালঘুদের রক্ষায় আন্তর্জাতিক আদালতের নির্দেশ বাস্তবায়নে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। শুক্রবার মানবাধিকার কমিশনের মুখপাত্র লিজ থ্রোসেল এক বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আদালতের বিধিবদ্ধ আইন ও সনদের অধীন বাধ্যবাধকতা তাৎক্ষণিক ও নিঃশর্তভাবে রীতিমাফিক পূর্ণাঙ্গ বাস্তবায়নে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। গতকাল জাতিসংঘের মহাসচিব বলে দিয়েছেন, আন্তর্জাতিক আইনের অধীন আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ মেনে চলতে মিয়ানমার বাধ্য।

উল্লেখ্য, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের প্রেসিডেন্ট বিচারপতি আবদুল কাফি আহমেদ ইউসুফ দ্য হেগের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টায়) গণহত্যা থেকে রাখাইনের সংখ্যালঘুদের রক্ষায় আনুষ্ঠানিকভাবে চারটি অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণা করেন।

এগুলো হলো—০১. রোহিঙ্গাদের হত্যা, মানসিক ও শারীরিক নিপীড়ন ও ইচ্ছাকৃত আঘাত করা যাবে না। ০২. গণহত্যার আলামত নষ্ট করা যাবে না। ০৩. গণহত্যা কিংবা গণহত্যার প্রচেষ্টা বা ষড়যন্ত্র না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ। ০৪. মিয়ানমারকে অবশ্যই চার মাসের মধ্যে লিখিত জমা দিতে হবে, যেন তারা সেখানে পরিস্থিতি উন্নয়নে কী ব্যবস্থা নিয়েছে। এরপর প্রতি ৬ মাসের মধ্যে আবার প্রতিবেদন দিতে হবে।

আগের সংবাদপাকিস্তান-বাংলাদেশের মুসলিমদের ভারত থেকে ছুড়ে ফেলার আহ্বান শিবসেনার
পরবর্তি সংবাদভারতে মালায়ালাম ভাষায় অনূদিত ৫ হাজার কুরআন বিতরণ করল তুরস্ক