আল-আকসা মসজিদে আবারও হামলা, ইজরাইলি পুলিশের হাতে আটক ১৩

আল-আকসা মসজিদে আবারও হামলা, ইজরাইলি পুলিশের হাতে আটক ১৩

আন্তর্জাতিক ডেস্ক :

জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইহুদীবাদী রাষ্ট্র ইজরাইলের পুলিশ। গতকাল (২৪ জানুয়ারি) শুক্রবার ফজরের নামাজের পর তারা এই হামলা চালায়। খবর মিডেল ইস্ট মনিটর।

খবরে বলা হয়, সকালে ফজরের নামাজের পর আল আকসা মসজিদ চত্বর খালি করতে হামলা চালায় ইজরাইলের পুলিশ। এ সময় অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করে তারা।

ইজরাইলের আগ্রাসন প্রতিরোধের অংশ হিসেবে এবং আল আকসা মসজিদের প্রতি তাদের ভালোবাসা দেখাতে ‘ডোপ অব হোপ’ ক্যাম্পেইন শুরু করেছে ফিলিস্তিনিরা। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সকালে ফজরের নামাজে যোগ দেয় শত শত ফিলিস্তিনি।

আল আকসা মসজিদকে ঘিরে এমন ক্যাম্পেইনের খবর পেয়ে ‘কঠোর নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণ করে ইজরাইলের পুলিশ। তারা আল আকসা মসজিদের চারপাশে অসংখ্য চেকপয়েন্ট বসায়, বিভিন্ন দোকানে অভিযান চালায় এবং বেসামরিক নাগরিকদের গাড়িতেও তল্লাশি শুরু করে।

অন্যদিকে ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম প্রেসটিভি এক প্রতিবেদনে জানায়, শুক্রবারের নামাজ থেকে বিরত রাখতে আল আকসা মসজিদে তাণ্ডব চালায় ইজরাইলি পুলিশবাহিনী। এ সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়তে শুরু করে তারা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন।

আগের সংবাদরোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ গাম্বিয়ার বিচারমন্ত্রীর
পরবর্তি সংবাদমিয়ানমার সেনাবাহিনীর গোলায় গর্ভবতী রোহিঙ্গা নারীসহ নিহত ২, আহত ৭