ফাতেহ ডেস্ক :
প্রখ্যাত ওয়ায়েজ ও মাদরাসা শিক্ষক মুফতি রিজওয়ান রফিকীর উপর মধ্যরাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১ টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী মাহফিল থেকে ফেরার সময় অজ্ঞাত দু’জন মোটরসাইকেল আরোহী তার উপর হামলা চালায়।
এ ঘটনায় মুফতি রিজওয়ান রফিকী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি জিডি করেছেন। এসআই এনামুল হক তৎক্ষণাৎ মুফতি রিজওয়ান রফিকীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে এসআই এনামুল হক গণমাধ্যমকে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে হামলা হয়েছে এতোটুকু নিশ্চিত হওয়া গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
হামলা সম্পর্কে মুফতি রিজওয়ান রফিকী বলেন, আমি গতকালের বয়ানে চলমান কিছু বিষয়ে আলোচনা করেছি। এতে একটি নির্দিষ্ট মহল প্রশ্নবিদ্ধ হয়েছে। হয়তো কিছু মানুষের গায়ে লেগেছে কথাগুলো।
আমি বলেছিলাম, নাস্তিকরা চায়না নারীদের মুখ ঢাকা থাকুক। তারা চায় নারীরা পর্দাহীন অবস্থায় পথে-ঘাটে লাঞ্ছিত হোক। সুতরাং যারা মুখের পর্দা উঠিয়ে দিতে চায়, তারা প্রকারান্তে রাশেদ খান মেননের কথার সমর্থনে কথা বলছেন। এছাড়াও জনৈক বক্তার কিছু ভ্রান্ত ফতোয়া তুলে ধরে আগত মুসল্লিদের সতর্ক করার চেষ্টা করেছি। কিন্তু কারো নাম উচ্চারণ করা থেকে বিরত থেকেছি।
তিনি বলেন, মাহফিল শেষে আমরা যখন ফিরছিলাম তখন লালন সিএনজি পাম্প নিকটবর্তী একটা স্থানে কিছু যুবক আমাদের উপর হামলা চালায়। যদিও শারীরিকভাবে আমাদের কোনো ক্ষতি হয়নি, তবুও আমরা এটাকে আলেমদের বিরুদ্ধে একপ্রকার ষড়যন্ত্র মনে করছি।
সূত্র : আওয়ার ইসলাম
