নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ৭০ লাখ মানুষের ৬২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন!

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ৭০ লাখ মানুষের ৬২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন!

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের কেরালায় নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদে ৬২০ কিলোমিটার দীর্ঘ এক মানববন্ধন হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দেশটির প্রজাতন্ত্র দিবসে প্রায় ৭০ লাখ মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। খবর এনডিটিভি।

খবরে বলা হয়, প্রজাতন্ত্র দিবসে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে কেরালার উত্তরে কাছারগদ শহর থেকে তিরুবনন্তপুরম পর্যন্ত ৬২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অংশ নিয়েছে জনগণ। মানববন্ধনের আয়োজন করে কেরালার ক্ষমতাসীন দল লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ)। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ লাখো মানুষ রাজ্যজুড়ে সড়কের পাশে মানববন্ধন শামিল হন।

পিনারাই বিজয়ন বলেন, ‘যারা এই মানববন্ধনে অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। থেমে থাকা বা নীরব থাকার সময় এটি নয়। আমাদের সংবিধান পরিবর্তনের সব চেষ্টা প্রতিহত করতে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।’

এর আগে গত ৩১ ডিসেম্বর বিতর্কিত সিএএ বাতিলের প্রস্তাব পাস হয়েছে কেরালা বিধানসভায়। আইনটি বাতিলের দাবিতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও জানিয়েছে কেরালা। কংগ্রেসশাসিত পাঞ্জাব ও রাজস্থান রাজ্যই একই প্রস্তাব পাস হয়েছে।

আগের সংবাদআলিয়া মাদরাসার বইয়ে সাহাবি-বিদ্বেষ, সংশোধনের জোর দাবি ছাত্র জমিয়তের
পরবর্তি সংবাদপশ্চিম তীরে স্কুল নির্মাণে ইজরাইলি বাহিনীর বাধা, বাজেয়াপ্ত বুলডোজার