ফাতেহ ডেস্ক :
.
আল্লামা আযহার আলী আনওয়ার শাহ রহ.-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম শায়খ মাওলানা মুহিউল ইসলাম বুরহান।
আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন, দ্বীন-ইসলামের অতন্দ্রপ্রহরী, সিলেটের সূর্যসন্তান, দরগাহে হযরত শাহজালাল রহ. সিলেটের সাবেক খতীব, আল্লামা আযহার আলী আনওয়ার শাহ রহ.-এর ইন্তেকালের সংবাদ খুবই দুঃখ ও বেদনার। তাঁর মরহুম হয়ে যাওয়ার সংবাদে মনটা ভেঙ্গে যাচ্ছে।
মরহুমের মাগফেরাত কামনা করে মাওলানা মুহিউল ইসলাম বুরহান বলেন, আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আল্লাহভীরু, মুখলিস ও প্রজ্ঞাবান এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তাঁর ছাত্র, মুরীদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, আজ বুধবার বিকাল সোয়া পাঁচটার দিকে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন এবং কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক হবার পাশাপাশি কিশোরগঞ্জের শহীদী মসজিদের খতীব এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের সিনিয়র সহসভাপতি ছিলেন।
