
ফাতেহ ডেস্ক :
দেশের বরেণ্য আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক ও আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী।
গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, দেশের শীর্ষ আলেমদের এভাবে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। ধাপে ধাপে ইলম ও আমলদার আলেমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে মূলত ইলম উঠিয়ে নেয়া হচ্ছে। এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র, মুরীদ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
আমীরে হেফাজত আরো বলেন, কিশোরগঞ্জের অভিভাবকতুল্য এ শীর্ষ আলেমের মৃত্যুতে দেশের ইসলামী অঙ্গন একজন যোগ্য ও দরদী অভিভাবক হারালো। তিনি অনুপম ব্যক্তিত্ববোধ ও যোগ্যতার বলে সবার হৃদয়ে বিশেষ সম্মানের জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন। দেশব্যাপী শিক্ষা-সংস্কৃতি, ঈমান-আকীদা সংরক্ষণে তাঁর অবদান ও ত্যাগ ইতিহাস হয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন।
উল্লেখ্য, আজ বুধবার বিকাল সোয়া পাঁচটার দিকে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন এবং কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক হবার পাশাপাশি কিশোরগঞ্জের শহীদী মসজিদের খতীব এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের সিনিয়র সহসভাপতি ছিলেন।
