
ফাতেহ ডেস্ক
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম উড়াল মেট্রোরেলের নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ২০২১ সালের ১৬ ডিসেম্বর সরকার এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল প্রকল্পে ৩১ জানুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত সার্বিক গড় অগ্রগতি ৪০.৩৬ শতাংশ। ২০.১০ কিলোমিটার দীর্ঘ, ১৬ স্টেশন বিশিষ্ট ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনে সক্ষম আধুনিক এই মেট্রোরেল। এটি হবে বিদ্যুৎ চালিত।
এর আগে তিনি বলেন, আধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর আওতায় ৬টি Mass Rapid Transit (MRT) বা মেট্রোরেলের সমন্বয়ে মোট ১২৮. ৭৪১ কিলোমিটার দীর্ঘ উড়াল (৬৭. ৫৬৯ কিলোমিটার এবং পাতাল ৬১.১৭২ কিলোমিটার) ও ১০৪ স্টেশন বিশিষ্ট (উড়াল ৫১ এবং পাতাল ৫৩) একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আওয়ামী লীগ সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা-২০৩০ গ্রহণ করেছে। এ কর্মপরিকল্পনা অনুসরণে প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৬৭. ৯৭ শতাংশ।
-এও
