
ফাতেহ ডেস্ক
সন্ত্রাসবাদ মোকাবিলায় কড়া বার্তা দিলেও ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিষয়ে নরম সুরেই কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতের আমেদাবাদে মোতেরা স্টেডিয়ামের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সন্ত্রাসবাদ উত্খাত করতে ভারত এবং যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। আর এ জন্য এক সাথে কাজও করছে দুই দেশ।
তিনি আরো বলেন, হোয়াইট হাউজের দায়িত্ব পেয়েই সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়েছি। আর পাক সীমান্তে জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপ বন্ধ করতে ধারাবাহিকভাবে আলোচনা চালানো হয়। এমনকি সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রাথমিকভাবে পাকিস্তান সক্ষমও হয়েছে।
সর্বোপরি পাকিস্তানের সঙ্গে হোয়াইট হাউজের ভাল সম্পর্ক বলেও উল্লেখ করেন ট্রাম্প। এ সময় তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলিতে স্থায়িত্ব, শান্তি এবং একতা ফিরে আসারও বার্তা দেন।
পুলওয়ামা ঘটনার পর ভারত ও পাকিস্তান সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে ঠেকে। আর নয়া দিল্লির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়, সন্ত্রাসবাদ দমন না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয় ইসলামাবাদের সঙ্গে। তবে আন্তর্জাতিক স্তরেও পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে ভারত। আর সামরিক অনুদানে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্রও। তবে পরবর্তীকালে বরফ গলাতে যুক্তরাষ্ট্রে ছুটে গিয়েছেন ইমরান খান। আর নিজেদের ভাবমূর্তি ফেরাতে মরিয়া ছিলেন পাক প্রধানমন্ত্রী।
আইসিস উত্খাতের জন্য মার্কিন সেনাবাহিনীকে পুরো ক্ষমতা দিয়ে রেখেছিল হোয়াইট হাউজ। তার সুফলও মিলেছে বলেও জানান তিনি। মধ্য এশিয়া আইসিসের ঘাঁটিগুলি ধূলিসাত করে দেয়া হয়েছে। সন্ত্রাস মোকাবিলায় এই পদক্ষেপগুলিকে দৃষ্টান্ত বলে জানান ট্রাম্প। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সন্ত্রাস বিষয়ে আলোচনায় নিজের প্রশংসাও করেন মার্কিন প্রেসিডেন্ট।
-এ
