
ফাতেহ ডেস্ক
রাজধানীর মিরপুরে রূপনগর বস্তির লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি। তবে আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের রুপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আরো ১৩টি ইউনিট যোগ হয়ে মোট ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। তাদের সঙ্গে সাধারণ মানুষও যে যার মতো পানি ও বালি দিয়ে আগুন নেভাতে সাহায্য করেন।
বস্তির কয়েকজন জানান, বস্তিটিতে দেড় থেকে দুই হাজার পরিবার থাকে। এসব পরিবারে আনুমানিক দুই থেকে চারজন করে সদস্য থাকলে আট থেকে ১০ হাজার লোক বাস করতেন বস্তিটিতে। আগুন লাগার মধ্যেই যে যতটুকু পেয়েছেন মালামাল সরিয়ে নিয়েছেন।
এদিকে বস্তির বেশিরভাগ ঘর বাঁশ ও টিনের হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুন দুই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়েছিলো। এছাড়া বস্তির পাশে থাকা তিনতলা একটি ভবনের ছাদেও আগুন জ্বল। বস্তি লাগোয়া অনেক দালানেও আগুনের আঁচ লাগছে। নিরাপত্তার সুবিধার্থে আগুনের আশপাশের ভবনের বাসিন্দারা বাড়ির বাইরে অবস্থান করছেন।
রূপনগর বস্তির পাশে মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তিতে গতবছর অগাস্টে এবং চলতি বছর জানুয়ারিতে দুই দফা অগ্নিকাণ্ড ঘটে।
-এ
