দেশে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মজুত পর্যাপ্ত: বাণিজ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক

করোনা বা কভিডের কারণে খাদ্য আমদানি বন্ধ হয়নি, দেশে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মজুত পর্যাপ্ত আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাই অহেতুক আতঙ্কে বেশি পণ্য না কেনার পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি জানান, পাইকারি বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়েনি। ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ায় জনগণ আতঙ্কিত হয়ে গেছেন। তারা হঠাৎ করে প্রয়োজনের তুলনায় বেশি পণ্য ক্রয় করছে। তাই গত দুই দিনে খুচরা বাজারে দামে কিছুটা প্রভাব পড়েছে।

মুশুর ডাল, পেঁয়াজ, রসুন, লবণ ইত্যাদির বাজার দর বিগত এক মাসে কমেছে বা স্থিতিশীল আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বিগত এক মাসে মশুর ডালের বাজার দর ৬ দশমিক ৯০ শতাংশ, পেঁয়াজের বাজার দর ৪৬ দশমিক ৯৪ শতাংশ এবং রসুনের বাজার দর ৫২ দশমিক ৭৮ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া লবণের বাজার দর অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্যের সরবরাহ অবাধ ও স্বাভাবিক রাখতে সরকার যথাযথভাবে কাজ করছে। তাই চাহিদার তুলনায় মাত্রাতিরিক্ত পণ্য ক্রয় করার প্রয়োজন নেই।

টিপু মুনশি আরো জানান, অন্যান্য বছরের তুলনায় এবার ২৫ থেকে ৩০ শতাংশ বেশি পণ্য মজুত রয়েছে এবং আসছে রমজান মাসে টিসিবি আগের চেয়ে ৭ থেকে ১০ গুণ বেশি পণ্য খোলাবাজরে বিক্রি করবে।

-এ

আগের সংবাদকরোনায় ২২ লাখ মানুষের মৃত্যু হবে আমেরিকায়, ব্রিটেনে ৫ লাখ!
পরবর্তি সংবাদইসরায়েলে আক্রান্ত বেড়েছে ৪০ শতাংশ