শরণার্থী ক্যাম্পে কেমন আছে রোহিঙ্গা মুসলিমরা?

ওমর ফারুক:

২০১৭ সালের আগস্ট মাস। মানবতার এক মির্মম হত্যাযজ্ঞের কবলে পড়ে পাশের দেশ মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা কক্সবাজারে আশ্রয় নিয়েছে। আশ্রয়প্রার্থী শরণার্থী সংখ্যা সরকারি জরিপে প্রায় ১০-১১ লাখ। হৃদয় উজাড় করে সীমান্ত খুলে দিয়েছে বাংলাদেশ। মানবতার আহ্বানে সাড়া দিয়ে ছুটে গেছেন দেশের আলেম উলামা ও সাধারণ জনগণও। এসব শরণার্থী ক্যাম্পে বর্তমানে কেমন আছেন রোহিঙ্গা মুসলিমরা? ফাতেহ২৪ এর পক্ষ থেকে এমন কৌতূহল নিয়ে কথা হয় শরণার্থী ক্যাম্পে সেবাদানকারী কয়েকজন ত্যাগী, দরদী ও স্বার্থহীন আলেমের সঙ্গে। যাদেরকে ইতোমধ্যেই অনেকে ‘রোহিঙ্গা শিবিরের হিরো’ বলে আখ্যা দিয়েছেন।

রোহিঙ্গাদের মুহাজির ঘোষণা দিয়ে তাদের পাশে আনসারের ভূমিকায় শুরু থেকেই আছেন  এ দেশের আলেমরা। মানবতার অতন্দ্র প্রহরী হয়ে পাহাড়া দিয়ে রেখেছেন রোহিঙ্গাদের। শুরু থেকে এখনো পর্যন্ত কক্সবাজারের টেকনাফ আর উখিয়ার পাহাড়ে পাহাড়ে ও শরণার্থী শিবিরগুলোতে আলেমরা রোহিঙ্গাদের সেবা দিয়ে আসছেন। বৃষ্টির দুর্ভোগ আর প্রখর রোদের মাঝেও ছেড়ে আসেননি রোহিঙ্গাদের। নিজস্ব ব্যানেরে, রাজনৈতিক ছত্রছায়ায় ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তারা এসব কাজ আঞ্জাম দিয়ে আসছেন।

তাদের এমনই একজন গাজী ইয়াকুব। রোহিঙ্গা মুসলিমরা এ দেশে আসা শুরু করার সঙ্গে সঙ্গে বহুমুখী কার্যক্রম নিয়ে তিনি ছুটে গেছেন নাফ নদীর তীরে। ভালোবাসার চাদরে জড়িয়েছেন রোহিঙ্গা শিশু, বৃদ্ধ, যুবক ও নারীদের। গাজী ইয়াকুবের তৎপরতা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে পড়েছিল। সেসময় রোহিঙ্গা ক্যাম্পে আলেমদের তৎপরতা চোখে পড়ার মতো থাকলেও বর্তমানে এর পরিমাণ কমে এসেছে বলে তিনি হতাশা ব্যক্ত করেছেন।

ফাতেহ২৪ কে তিনি জানান, শরণার্থী শিবিরগুলোতে বর্তমানে অবস্থা অনেকটা উন্নীত হলেও আলেম উলামাদের তৎপরতা ১% এ কমে এসেছে। শত শত মসজিদ মাদরাসা অবহেলায় পড়ে আছে। আমার তালিকাভুক্ত ১৬৪ টি মসজিদ আবাদহীন পড়ে আছে। এগুলো এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। এগুলোর ইমাম ও মক্তবের শিক্ষকদের কোনো বেতন দেওয়া হয় না। কারও কোনো তৎপরতা নেই এসব জায়গায়। বিদেশি বা দেশীয় এনজিওগুলোর কর্মীরা সাধারণ পানি বিতরণের জন্য ২০-২৪ হাজার টাকা বেতন পেলেও আমরা মসজিদের ইমামদের ২-৩ হাজার টাকার বেতন দিতে পারি না। এর সুযোগ নিচ্ছে বিদেশি ও ভিন্নধর্মী এনজিওগুলো। সহযোগিতার মাধ্যমে এরা রোহিঙ্গাদের ভাষাগত, ধর্মগত ও পরিবেশগত কালচারও পরিবর্তন করে দেয়ার চেষ্টা করছে।

শরণার্থী ক্যাম্পগুলোতে আপনার নেতৃত্বে কী ধরণের ভূমিকা রাখা হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, শুরু থেকেই আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তাদের রিসিভ করা, উপস্থিত খাবার বিতরণ, নগদ অর্থ প্রদানসহ থাকা ও গোসলের ব্যবস্থা করে দিয়েছি। সেসময় সারাদেশ থেকে আলেম উলামারা পর্যাপ্ত অনুদান এনে দিয়েছেন। আমার নেতৃত্বে ৮টি মসজিদ, নয়টি মাদরাসা, ১১০টি টিউবয়েল, ৯৩টি সেনিটারি লেপটিন, ৪টি কূপ খনন করেছি। নির্দিষ্ট কোনো জায়গায় নয়, যখন যেখানে যা মনে করেছি সহযোগিতা করেছি। ল্যাদা ও মুসলি ক্যাম্পে সাধারণত আমাদের এ কার্যক্রম চলে। ২৮৮ শিশুকে খৎনা ও ১৫ টি বিয়ে পড়ানো হয়েছে রোহিঙ্গাদের মাঝে। সুদমুক্ত ঋণও দেওয়া হয়েছে ৯০ জনের ওপরে। শুধু রমজান মাসেই ৪০ লাখ টাকা ইফতারির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। দুই থেকে আড়াই হাজার পরিবারের মাঝে তা বিতরণ করা হয়েছে।

বিদেশি সংস্থাগুলো সম্পর্কে গাজী ইয়াকুব বলেন, একেকটা এনজিও একেকটা সাইড নিয়ে কাজ করছে। কেউ নারী বান্ধব কাজ করছে, কেউ শিশুদের ভিন্ন মানসিকতায় গড়ে তোলার চেষ্টা করছে, কেউ কালচার পরিবর্তন করার কাজ করছে। তাদের কেউ কেউ রোহিঙ্গাদের মাঝে যারা মাজারপন্থী, বেদআতি তাদের অনেককেই অর্থের লোভ দেখিয়ে ধর্মান্তরিত করে ফেলেছে বলেও শোনা গেছে। তবে পুরো ক্যাম্পগুলোই এখন সেনাবাহিনীর অধীনে কাজ করছে। আর কিছু নির্দিষ্ট সংখ্যক এনজিও কাজ করছে। ব্যক্তিগত কাজ করতে গেলেও রিক্স হয়ে যাচ্ছে। অনেক এনজিও সেবার বদলে প্রোপাগান্ডাই বেশি করে।

আলেম উলামাদের বর্তমান ভূমিকা নিয়ে তিনি বলেন, আমাদের আগের মতো আর আবেগ ভালোবাসা হয়তো নেই। অর্থও বরাদ্ধ নেই। আগে তিনবেলা খেতাম এখন হয়তো দুইবেলা খেয়ে সে টাকাটা সেখানে দিয়ে দিই। আলেমদের এ ছাড়া কিছু করাও নেই। আলেমদের টাকা পয়সাও নেই। দুই একটা আলেমদের প্রতিষ্ঠান হয়তো এখনো সক্রিয় কাজ করছে। মাওলানা মামুনুল হক ভাইয়ের যুব মজলিস, মুফতি রুহুল আমিন সাহেবের লোকজন, ফরিদুদ্দীন মাসঊদ, মাওলানা মাহমুদুল হাসান সাহেবের মাদরাসা থেকে এখনো কাজ করে যাচ্ছে। তারা মূলত এখন মাদরাসা মসজিদভিত্তিক কাজ করে যাচ্ছে।

মাওলানা গাজী ইয়াকুবের সূত্র ধরেই যোগাযোগ করা হয় শরণার্থী ক্যাম্পে সেবাপ্রদানকারী ইসলামি সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সঙ্গে। মাওলানা মামুনুল হকের নেতৃত্বে শাহপরীর দ্বীপ থেকে উখিয়া পর্যন্ত শুরু থেকে রোহিঙ্গাদের সেবা দিয়ে আসছে সংগঠনটি। এখন পর্যন্ত প্রায় এক কোটি টাকারও বেশি ব্যয় সহায়তা দিয়েছে যুব মজলিস। কুতুপালং মধুছড়ার ক্যাম্প-৩ তে মূলত প্রতিষ্ঠানটির কার্যক্রম।

ফাতেহ২৪ কে সংগঠনটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী মাওলানা শরীফ হুসাইন বলেন, যুব মজলিসের অধীনে ক্যাম্প-৩ তে নিয়মতান্ত্রিক ৮২টি মসজিদ মক্তব পরিচালিত হয়ে আসছে। রয়েছে ২২ টি হেফজখানা ও একটি মহিলা মাদরাসা। এর মধ্যে মেশকাত পর্যন্ত তিনটি মাদরাসা রয়েছে। এসব মাদরাসা মসজিদে ২৫৩ জন ইমাম ও শিক্ষক রয়েছে। যাদের যুব মজলিসের পক্ষ থেকে মাসিক ৫ লাখ টাকার বেতন ভাতা দেওয়া হয়। প্রতিটি জুমার খুৎবায় রোহিঙ্গাদের সহনশীল জীবন যাপন ও ইসলামি আদর্শের দীক্ষা দেওয়া হয়।

মাওলানা শরীফ হুসাইন জানান, তাদের খাদ্যের ব্যবস্থা সরকার করলেও আমারা মূলত ধর্মীয় দিকগুলোকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। আবাস্থলেরও ব্যবস্থা করেছি শুরু থেকে। সেনিটারি লেপটিন নির্মাণ, মসজিদ মাদরাসা নির্মাণ, কূপ খনন, টিউবল বসানোর কাজ আগেই সম্পন্ন হয়েছে। এছাড়া ঈদের আগে ঢাকা থেকে ১০টি সেলাই মেশিন ও ৩ হাজার গজ কাপড় এনে শিশুদের জন্য জামা কাপড় বানিয়ে দেওয়া হয়েছে। এসবের মজুরিরও ব্যবস্থা করা হয়েছে। সকল শ্রেণির মানুষজন তাদের সহায়তায় এগিয়ে এলে তাদের ঈমান ও আমল রক্ষায় আরও ভূমিকা রাখা যাবে বলে তিনি জানান।

ফাতেহ২৪ এর পর্যবেক্ষণেও জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখন আলেম-উলামার আনাগোনা অনেকটা কমে গেছে। সেই সুযোগটা নিচ্ছে কথিত মানবাধিকার ব্যবসায়ী সুবিধাবাদী শ্রেণিটি। চরম দুর্দিনে আলেমরা পাশে দাঁড়িয়ে রোহিঙ্গাদের একটি স্বস্তির জায়গায় যখন এনে দিয়েছে তখন কথিত মানবাধিকারের কায়েমি স্বার্থবাদীরা অপচেষ্টায় লিপ্ত। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বেড়ে গেছে তাদের আনাগোনা। কথিত মানবাধিকার ও মানবতাবাদী সংস্থাগুলো নিজেদের মিশন বাস্তবায়নের জন্য সেখানে গোপন তৎপরতা শুরু করেছে। সূক্ষ্মভাবে তারা রোহিঙ্গা মুসলিমদের ঈমানহারা করার পাঁয়তারা করছে। ইতোমধ্যে বিদেশি নারীদেরকে বাংলা শিখিয়ে ঢুকিয়ে দেয়া হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। সেখানে তারা রোহিঙ্গা নারীদের সঙ্গে মিশে ছলে-বলে কৌশলে ঈমানহারা করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিছু ছবি ছড়িয়ে পড়েছে যা রীতিমতো আঁতকে উঠার মতো। খ্রিস্টান নারীরা রোহিঙ্গা মেয়েদের চুল চিরুনি করছে, তাদের মাথার উঁকুন বেছে দিচ্ছে। এমন অন্তরঙ্গভাবে তাদের মেশার দৃশ্য আতঙ্ক সৃষ্টি করছে ধর্মীয় মহলে। আলেম উলামারা কীভাবে এর প্রতিরোধ করবেন এটাই দেখার বিষয়।

আগের সংবাদতুরস্কের কথিত ধর্মপ্রচারক যখন গ্যাংস্টার
পরবর্তি সংবাদমাওলানা সাদের আনুগত্য করা বৈধ হবেনা : মাওলানা আবদুল মালেক