
ফাতেহ ডেস্ক:
ভয়াবহ হামলায় নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বর্নো রাজ্যের প্রত্যন্ত একটি গ্রামে ৫৯ জন মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সন্ত্রাস বিরোধী মিলিশিয়া সদস্য ও বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গতকাল মঙ্গলবার বিকেলে গুবিও জেলার দূরের ফেলো নামে গ্রামে হঠাৎ আক্রমণ চালায়। এলোপাতাড়ি গুলি ও গাড়ি চালিয়ে অনেক গ্রামবাসীকে হত্যা করে তারা।
জঙ্গি বিরোধী মিলিশিয়া বাহিনীর নেতা বাবাকুরা কোলো বলেছেন, “যে গ্রামে হামলা চালানো হয়েছে সেখান থেকে ৫৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের কেউ কেউ গুলিতে নিহত হয়েছেন। অন্যদের মৃত্যু হয়েছে গাড়ির চাকায় পিষ্ট হয়ে।”
এই হত্যাযজ্ঞ প্রতিশোধমূলক কর্মকাণ্ড হিসেবে ভাবা হচ্ছে। গ্রামবাসীদের এক নেতা জানিয়েছেন, গ্রামটিকে লুটপাট থেকে রক্ষার জন্য অনেক সময় তাদের ওপর হামলা চালানো হতো। এতে কিছু হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়ে থাকতে পারে তারা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ওই নেতা বলেছেন, “খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের জাতিগোষ্ঠীর ৫৯ জন মানুষকে হারালাম।”
-এ
