
ফাতেহ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ চুরি হওয়া সংক্রান্ত শুল্ক গোয়েন্দার প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা দাবি করেন, ভল্ট থেকে স্বর্ণ চুরির কোন সুযোগ নেই।
অবৈধভাবে আমদানি করা স্বর্ণ প্রায়ই ধরা পড়ে শুল্ক গোয়েন্দাদের হাতে। কর্মকর্তাদের উপস্থিতিতে অভিজ্ঞ স্বর্ণকার দিয়ে মান পরীক্ষা করে জমা রাখা হয় বাংলাদেশ ব্যাংকে। ২৬২ মামলায় বাংলাদেশ ব্যাংকে জমা আছে এমন প্রায় ৪০ মণ স্বর্ণ। গত বছর ৯শ ৬৩ কেজি পরীক্ষা করে ভয়াবহ অনিয়মের তথ্য পায় শুল্ক গোয়েন্দারা।
বাংলাদেশ ব্যাংকে পাঠানো প্রতিবেদনে এই অনিয়মের বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দারা। এতে বলা হয়, একটি মামলায় প্রায় সাড়ে তিন কেজি স্বর্ণের চাকতি জমা দেয়া হলেও সেখানে পাওয়া গেছে মিশ্র ধাতু। আবার ২৪ ও ২২ ক্যারেটের অনেক বার ও স্বর্ণালংকারের পরিবর্তে পাওয়া গেছে ১৮ ক্যারেটের স্বর্ণ। যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের দাবি, পরিমাপগত ত্রুটির কারণে হিসাবে গরমিল হতে পারে। চুরির কোন সুযোগ নেই। তবে গোয়েন্দা প্রতিবেদন বলছে, ওজনেও তারতম্য হয়েছে।
এমন পরিস্থিতিতে স্বর্ণ জমার নীতিমালায় পরিবর্তন আনার ইঙ্গিত দেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা।
